স্টাফ রিপোর্টার:
ফরিদপুর জেলা পরিষদের উদ্যোগে গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
রবিবার জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদান বিতরণ করেন চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ এমপি।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ বাকাহীদ হোসেন। এছাড়াও জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ফরিদপুর জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, চিকিৎসা সহায়তা, মিলাদ ও বিভিন্ন মানবিক খাতে জেলার মোট ১ হাজার ৪০৩টি পরিবারের মাঝে জনপ্রতি ১ হাজার থেকে ২ হাজার টাকা করে মোট ২২ লাখ ৭৫ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ এমপি বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুদান পেয়ে উপকারভোগীরা জেলা পরিষদের এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
