স্টাফ রিপোর্টার :
প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ দীর্ঘ লম্ফে দেশ সেরা হয়েছেন ফরিদপুরের এম.এ আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী রাহিম শেখ।
আজ ১৫ জুন ঢাকা মোহাম্মদপুর শারিরীক শিক্ষা কলেজ এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন শিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
পাঁচ ভাইবোনের মধ্যে রাহিম সবার ছোট। রাহিমের পছন্দ খেলাধুলা করা করা। সে বড় হয়ে একজন ভালো ফুটবল খেলোয়াড় হতে চায়। রাহিমের সরকারের কাছে চাওয়া কোনো প্রশিক্ষণ একাডেমীতে তাকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক।
রাহিমের বাবা সামাদ শেখ একজন কৃষক, মা কৈতরী বেগম একজন গৃহিনী। সামাদ শেখ বলেন-আমরা কৃষক পরিবার পাঁচটি সন্তানের লেখাপড়ার খরচ চালাতেই হিমশিম খাই। খেলাধুলার সামগ্রী কিনে দিতে বায়না ধরে, পারি না। স্কুলের শিক্ষকরা বলছে-রাহিম নাকি খেলাধুলায় অনেক ভালো করবে।
এম.এ আজিজ হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক হারুনার রশিদ বলেন-রাহিম অনেক মেধাবী ছাত্র এবং খেলাধুলায়ও ভালো। বিদ্যালয়ের মাঠে সে নিয়মিত খেলে। পৃষ্ঠপোষকতা এবং ভালো প্রশিক্ষণ পেলে রাহিম দেশের সম্পদ হবে।
