স্টাফ রিপোর্টার:
ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি কে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার সন্ধ্যা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ধুলদী (বালিয়াডাঙ্গি) এলাকার ফুলদী ডাবল ব্রিজের দক্ষিণ পাশে অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার হওয়া দুই নারী হলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মুন্সিগঞ্জ এলাকার কোহিনুর খাতুন ওরফে কইতর (৫১) এবং তিলকজান (৪৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, অভিযানের সময় দুই নারীর পরিহিত বোরকার নিচে এবং শাড়ির ওপর পেট ও পিঠের সঙ্গে বিশেষ কৌশলে বাঁধা অবস্থায় পলিথিন ও কাপড়ে মোড়ানো মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত দুটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, উদ্ধার করা আলামতের নমুনা সংগ্রহ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী ২০২৬)-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় ফরিদপুর কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
