স্টাফ রিপোর্টার:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ রবিবার সকালে সনাক-ফরিদপুরের উদ্যোগে স্থানীয় মহিম ইন্সটিটিউশনে শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা হয়। সভায় সৌর ও বায়ুশক্তির ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

একই সাথে সেখানে চিত্রাংকন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, দুর্নীতিবিরোধী শপথ পাঠ ও দুর্নীতিবিরোধী স্বাক্ষর এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক-এর সভাপতি অধ্যাপক শিপ্রা রায়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাধব চন্দ্র দাস। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সনাক সহ-সভাপতি মনোয়ারা মোর্শেদা চৌধুরী, সদস্য রেজাউল করিম, গোবিন্দ বাগচী, মনোয়ারুল ইসলাম ও ফরিদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাঈদ আনোয়ার। অনুষ্ঠান পরিচালনা করেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ গোলাম মোস্তফা।
শুরুতেই একটি ধারণাপত্র পাঠ করেন সনাক সদস্য জনাব রেজাউল করিম। তিনি সৌরশক্তির ব্যবহার, বায়ুশক্তির ব্যবহার ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করার বিষয়ে উল্লেখ করেন। তিনি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উন্নত দেশ কর্তৃক প্রয়োজনীয় জলবায়ু তহবিল প্রদান না করায় কার্বন নিঃসরণসহ বৈশ্বিক তাপমাত্রা বেড়েই চলাসহ নানাবিধ বিষয় উল্লেখ করেন। এছাড়াও তিনি সনাক-টিআইবি’র ১২ টি সুপারিশ তুলে ধরেন। এরমধ্যে উল্লেখযোগ্য হলো জ্বীবাশ্মভিত্তিক উৎস থেকে দ্রুত নবায়নযোগ্য জ্বালানিতে স্থানান্তরের জন্য একটি সময়োপযোগী ও সমন্বিত জ্বালানি নীতি প্রণয়ন করা, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধিতে সরকারের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ এবং এই খাতসংশ্লিষ্ট যন্ত্রপাতি আমদানিতে শুল্ক, ভ্যাট ও অন্যান্য কর হ্রাস করতে হবে এবং ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করতে ভর্তুকি ও প্রণোদনার ব্যবস্থা করা, নবায়নযোগ্য জ্বালানি সংশ্লিষ্ট যন্ত্রপাতি স্থানীয়ভাবে উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি করা।
এছাড়াও সনাক সহ-সভাপতি মনোয়ারা মোর্শেদা চৌধুরী তার বক্তব্যে বলেন, প্রাকৃতিক সম্পদ, জীব-বৈচিত্র্য, জলাভূমি, সুন্দরবনসহ সকল বন ও বন্যপ্রাণির সংরক্ষণ ও নিরাপত্তা বিধানের সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসারে নীতি নির্ধারণী পর্যায়ে সদিচ্ছার প্রকাশ ঘটিয়ে বিদ্যমান আইনের কঠোর প্রয়োগ করতে হবে।
ফরিদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাঈদ আনোয়ার বলেন , বৈশ্বিক উষ্ণায়নের কারণে বরফ গলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে পরিবেশের বিপর্যয় ঘটছে। এ বিপর্যয় রোধের জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বিদ্যালয় শিক্ষার্থীদের জলবায়ু, আবহাওয়ার বিষয়ে ধারণা প্রদান করেন। তিনি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন।
মুক্ত আলোচনার পর শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং ‘দুর্নীতিবিরোধী শপথ’ পাঠ করানো হয়।
