আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে গাজায় চলমান যুদ্ধ বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার সাংবাদিকদের তিনি বলেন, “আমি মনে করি আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে, আপনারা একটি ভালো, চূড়ান্ত সমাপ্তি দেখতে পাবেন।”
ট্রাম্প বলেন, “এই যুদ্ধের শেষ হওয়া দরকার, কারণ শুধু ক্ষুধাই না-ক্ষুধার চেয়েও খারাপ মৃত্যু, খাঁটি মৃত্যু-মানুষ মারা যাচ্ছে।”
আল জাজিরাই বলা হয়েছে, ট্রাম্প এর আগেও বড় বড় ভাষায় যুদ্ধ শেষ হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তার সেই বক্তব্যগুলো কোনো যুদ্ধবিরতি বা এমনকি মানবিক সহায়তার অবাধ প্রবাহের দিকেও বাস্তবতা তৈরি করতে পারেনি। ইসরায়েলের অবরোধের কারণে ইতোমধ্যে দুর্ভিক্ষের মুখে পড়েছেন ফিলিস্তিনিরা।
ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে ইসরায়েলকে বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দিয়েছে এবং আন্তর্জাতিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে।
গত ফেব্রুয়ারিতে গাজা থেকে সব ফিলিস্তিনিকে সরিয়ে ফেলার ট্রাম্প প্রস্তাব দিয়েছিলেন। এ ধরনের কর্মকাণ্ড জাতিগত নির্মূল এবং মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হয়।
সোমবার গাজায় নাসের হাসপাতালের ওপর ইসরায়েলি হামলায় ২১ জন ফিলিস্তিনি নিহত হন। এদের মধ্যে পাঁচজন সাংবাদিকও ছিলেন।
এই ঘটনাটি সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্পকে জিজ্ঞেস করা হলে তিনি প্রথমে মনে হচ্ছিল বিষয়টি সম্পর্কে অবগত নন।
পরে ট্রাম্প বলেন, “আমি এটা নিয়ে খুশি না। আমি এটা দেখতে চাই না। একই সময়ে, আমাদের এই পুরো দুঃস্বপ্নের অবসান ঘটাতে হবে।”
এরপর ট্রাম্প আলোচনা ঘুরিয়ে নিয়ে জানান, তিনি গাজায় আটক থাকা বাকি ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে কাজ করছেন।
