স্টাফ রিপোর্টার:
ফরিদপুর সদর উপজেলার আলহাজ্ব এম.এ আজিজ হাইস্কুলে সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ১৪ সেপ্টেম্বর সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পের কার্যক্রম শুরু হয়ে চলে বিকেল ৪ টা পর্যন্ত। সেখানে চিকিৎসা ও পরামর্শ সেবা পেয়েছেনন চার শতাধিক রোগী।
দিনব্যাপী এ আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও স্থানীয় বাসিন্দারা বিনামূল্যে দাঁতের প্রাথমিক পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের বিনামূল্যে টুথপেস্ট,প্রয়োজন অনুযায়ী অ্যান্টিবায়োটিক, ব্যথানাশকসহ প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
ক্যাম্পে চিকিৎসা সেবা দেন অর্কিড স্মাইল ডেন্টালের চিকিৎসক ডা. সোহেল রানা, ডা. ফজলে শাওন হক ও ডা. তাসলিম বিন হাসান। তারা শিক্ষার্থী ও স্থানীয়দের দাঁতের বিভিন্ন সমস্যা পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন। পাশাপাশি দাঁতের যত্ন, পরিচর্যা ও মুখের স্বাস্থ্য ভালো রাখার বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।
মুন্সিবাজার থেকে সেবা নিতে আসা ৫৫ বছর বয়সী কুলসুম খাতুন বলেন, ‘প্রায় এক মাস ধরে দাঁতের ব্যথায় ঠিকমতো ঘুমাতে পারতাম না। এখানে এসে চিকিৎসকদের পরামর্শ পেয়েছি। ডাক্তার দেখার সাথে কিছু ওষুধ দিয়েছেন।’
এ ক্যাম্পে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সমকালের নিজস্ব প্রতিবেদক হাসানুজ্জামান, খান ডায়াগনস্টিক এন্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. সাকি খান, সমকাল সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক আবরাব নাদিম ইতু, প্রভাত সিং, নাজমুল হক, স্বর্ণা ইসলাম, অনিক বিশ্বাস ও শাওন আহমেদ সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সমকাল সুহৃদ সমাবেশের সাংগঠনিক সম্পাদক ওহিদুল ইসলাম বলেন, ‘দাঁতের চিকিৎসা নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন খুব বেশি দেখা যায় না। অথচ সুস্থ থাকার জন্য দাঁতের স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই চিন্তা থেকেই মানুষের মধ্যে দাঁতের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরি এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে এ ডেন্টাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।’
ডেন্টাল মেডিকেল ক্যাম্পে স্বেচ্ছাসেবী হিসেবে কাজে যুক্ত ছিলেন সুহৃদ নাজমুল হক, মার্নিম সাদিক অর্ক ও অর্ণব দাস। অনুষ্ঠান আয়োজনের সহযোগিতা করেন সমকাল সুহৃদ সমাবেশ ফরিদপুরের সভাপতি হারুনার রশিদ,সহ-সভাপতি নাজমুল ইসলাম মিরান ও অর্থ সম্পাদক শামীমা নাছরিন শিমু।
স্থানীয় সেবা গ্রহীতারা এ ধরনের আয়োজন করার জন্য সমকালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতিবছর অন্তত একবার ফ্রি ডেন্টাল ক্যাম্প ওই এলাকায় করার জন্য আয়োজকদের আহ্বান জানান।
