স্টাফ রিপোর্টার:
আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় ফরিদপুর পুলিশ লাইনসের শহীদ ছালাম সভাকক্ষে এ প্রশিক্ষণ কোর্সের প্রথম ব্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ঘোষণা করেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে ফাতেমা ইসলাম বলেন, ফরিদপুর জেলা পুলিশ সবসময় আইনশৃঙ্খলা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। নির্বাচনের সময় জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পুলিশ সদস্যদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনকালীন সময়ে জনপদে পুলিশের উপস্থিতি জনগণের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ তৈরি করবে।
তিনি আরও বলেন, একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে পুলিশের দক্ষতা, সততা ও নিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আত্মবিশ্বাস ও সক্ষমতা বাড়াবে। পাশাপাশি নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দুই দিনব্যাপী প্রথম ব্যাচের এ প্রশিক্ষণ কোর্সে ফরিদপুর জেলার বিভিন্ন থানা ও ইউনিট থেকে মোট ৫০ জন পুলিশ সদস্য অংশ নিয়েছেন। প্রশিক্ষণে নির্বাচনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখা, জনগণের আস্থা অর্জন, আইন প্রয়োগের ক্ষেত্রে মানবিক আচরণ এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
