স্টাফ রিপোর্টার:
কথাসাহিত্যিক ও সাংবাদিক হাবিবুল্লাহ ফাহাদের নতুন গল্পগ্রন্থ ‘আ হোয়াইট ডাভ্স এলেজি’ (A White Dove’s Elegy) প্রকাশিত হয়েছে। বইটিতে লেখকের সাতটি গল্প স্থান পেয়েছে। বাংলা ভাষায় রচিত গল্পগুলো ইংরেজিতে অনুবাদ করেছেন অধ্যাপক ইদ্রিস আলী মেহেদী।
বইটি প্রকাশ করেছে সহজ প্রকাশ। প্রচ্ছদ এঁকেছেন শিল্পী ধ্রুব এষ। বর্তমানে বইটি বাজারে পাওয়া যাচ্ছে। দেশের বৃহৎ অনলাইন বই বিক্রয় প্ল্যাটফর্ম রকমারি ডটকমসহ বিভিন্ন গ্রন্থবিতানে বইটি পাওয়া যাচ্ছে।
‘আ হোয়াইট ডাভ্স এলেজি’ গ্রন্থের গল্পগুলো ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে রচিত। বইটিতে রয়েছে— A White Dove’s Elegy, The Rat, How I Became a Dog, The Day Moumita Returned Home, When Words Fail, Adoption এবং The
Corporate Circus। গল্পগুলো এর আগে বিভিন্ন সময়ে দেশের প্রথম সারির জাতীয় দৈনিক, সাময়িকী ও অনলাইন সাহিত্য পত্রিকায় বাংলায় প্রকাশিত হয়েছে।
নতুন বইটি সম্পর্কে লেখক হাবিবুল্লাহ ফাহাদ সাংবাদিকদের বলেন, তাঁর বাংলা গল্পগুলো ইংরেজি ভাষায় পাঠকের কাছে পৌঁছে দেওয়ার এটি একটি গুরুত্বপূর্ণ প্রয়াস। অনুবাদের মাধ্যমে গল্পগুলো দেশের বাইরের পাঠকের কাছেও পৌঁছাবে এমন প্রত্যাশা রয়েছে তাঁর।
হাবিবুল্লাহ ফাহাদের প্রকাশিত গ্রন্থের তালিকাও বেশ সমৃদ্ধ। তাঁর গল্পগ্রন্থের মধ্যে রয়েছে ‘খৈয়া গোখরার ফণা’, ‘বজলু জানে লাশের পরিচয়’, ‘দরজার ওপাশে ভোর’ ও ‘দানামাঝির বউ’। উপন্যাসের মধ্যে রয়েছে ‘জলপাই রঙের দিনরাত’ ও ‘বসন্ত রোদন’।
এ ছাড়া তাঁর উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে সাক্ষাৎকার সংকলন ‘দুই ভাষাসংগ্রামীর মুখোমুখি (আহমদ রফিক ও রফিকুল ইসলাম)’, ‘আলাপের সুবাসে সন্জীদা খাতুন’ ও ‘তিন যোদ্ধার মুখোমুখি’। জীবনীগ্রন্থ ‘আমাদের বঙ্গবন্ধু’ এবং সম্পাদিত গ্রন্থ স্বকৃত নোমানের কথামালা ‘গহিনের দাগ’-ও তাঁর প্রকাশিত বইয়ের তালিকায় রয়েছে।
দেড় যুগের বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত হাবিবুল্লাহ ফাহাদ। বর্তমানে তিনি ফ্রান্সের রাজধানী প্যারিসে বসবাস করছেন। সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যচর্চায়ও তিনি নিয়মিত সক্রিয়। তাঁর নতুন গল্পগ্রন্থ ‘আ হোয়াইট ডাভ্স এলেজি’ বাংলা গল্পকে ইংরেজি ভাষার পাঠকের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নতুন একটি সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।
