স্টাফ রিপোর্টার:
“জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬–২০৩০” বাস্তবায়ন ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে ফরিদপুর অঞ্চলের জেলা পর্যায়ের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলা—ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশ নেন।
প্রশিক্ষণে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা, এর ব্যবহার বৃদ্ধি, জ্বালানি সাশ্রয় এবং জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬–২০৩০-এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। সংশ্লিষ্ট কর্মকর্তারা নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে জেলা পর্যায়ে সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
প্রশিক্ষণে পাঁচ জেলার প্রতিনিধিরা নিজ নিজ অঞ্চলে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা ও বাস্তবায়নসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
প্রশিক্ষণটি Renewable Energy-এর সহযোগিতায় আয়োজন করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো: মাজারুল ইসলাম বলেন,আমাদের বিদ্যুতের চাহিদা ক্রমাগত বাড়ছে। তাই সৌরবিদ্যুৎ, বায়ু বিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো অত্যন্ত জরুরি।
এই কৌশলপত্র বাস্তবায়নে বিনিয়োগ সহজীকরণ, প্রয়োজনীয় নীতি ও আইনগত কাঠামো সংস্কার, সৌরবিদ্যুৎ প্রসার এবং কার্যকর সমন্বয় ও মনিটরিং ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করে নবায়নযোগ্য জ্বালানি খাতকে আরও শক্তিশালী করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুত বিভাগের উপ সচিব আবু লাইচ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সোহরব হোসেন, খুলনা অঞ্চলের নির্বাহী প্রকৌশলি মতিউর রহমান, জিআইজে’ র আনোয়ারুউল আলমসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের বিদ্যুৎ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।
