স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের কোমরপুরের পারচরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে পারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জমজমাট পরিবেশে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি, ফুটবল খেলার সামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খাঁন পলাশ এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই তরুণ প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, মাঠে খেলাধুলার সুযোগ বাড়ানো গেলে তরুণরা মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। স্থানীয় পর্যায়ে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথিরা বলেন, গ্রামাঞ্চলে ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন তরুণদের মধ্যে উৎসাহ সৃষ্টি করে এবং সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
ফাইনাল খেলাকে কেন্দ্র করে পারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা হিসেবে অতিথিদের মাধ্যমে গাছের চারাও বিতরণ করা হয়।
