স্টাফ রিপোর্টার:
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, বিদ্যুৎ সাশ্রয় এবং টেকসই কৃষি উৎপাদন নিশ্চিত করতে সৌরশক্তিনির্ভর উদ্যোগকে আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।

বৃহস্পতিবার ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নে দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি সৌরশক্তিভিত্তিক নানা প্রকল্প পরিদর্শন ও উদ্বোধন করেন।
দিনের শুরুতে জেলা প্রশাসক সোলার প্যানেলচালিত সেচ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, কৃষিতে সৌরশক্তির ব্যবহার একদিকে যেমন উৎপাদন ব্যয় কমাবে, অন্যদিকে পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে টেকসই কৃষি ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। তিনি মাঠ পর্যায়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় করে সৌরশক্তিনির্ভর সেচ ব্যবস্থার কার্যকারিতা ও সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেন।

পরে তিনি সোলারচালিত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং স্থানীয়দের মাঝে সৌরশক্তি ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।
একই কর্মসূচিতে উপকারভোগীদের হাতে সোলার প্যানেল বিতরণ করা হয়, যা বিদ্যুৎ সুবিধাবঞ্চিত ও সীমিত আয়ের পরিবারগুলোর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় জেলা প্রশাসক কৃষক বীজাগার ও বীজ বিনিময় কেন্দ্র, কম্পোস্ট সার উৎপাদন এবং কুমড়া বড়ি তৈরির কার্যক্রমও পরিদর্শন করেন। স্থানীয় কৃষক ও উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে উৎপাদন বৃদ্ধি, প্রযুক্তির ব্যবহার এবং বাজার সম্প্রসারণ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এরপর চার নটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে কৃষক, শিক্ষার্থী ও উদ্যোক্তাদের মাঝে গাছের চারা, অনুদানের চেক ও সোলার প্যানেল বিতরণ করেন। পাশাপাশি অসচ্ছল পরিবারের সদস্যদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
দিনের শেষভাগে ইউসুফ আলী মোহনমিয়া উচ্চ বিদ্যালয়ে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধবিষয়ক অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক। পরে বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
