স্টাফ রিপোর্টার:
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। পরিস্থিতি বিবেচনায় ইরানসহ বিভিন্ন দেশ থেকে প্রবাসীদের দেশে ফেরানো হচ্ছে। পরবর্তীতে আরও প্রবাসী পর্যায়ক্রমে ফিরবেন।
সোমবার দুপুরে নগরকান্দায় তালমা নাজিম উদ্দিন স্কুলে মহা মিলন মেলায় একথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি আরও বলেন, আমাদের মিশনগুলো প্রবাসীদের সঙ্গে যোগাযোগ রাখছে। তারা যেন নিরাপদে থাকতে পারে, সেটি দেখার চেষ্টা করছি। আশা করি এই যুদ্ধাবস্থা দ্রুত শেষ হবে। বাংলাদেশ চায় সমস্যার সমাধান কূটনীতি ও আলোচনার মাধ্যমে হোক।
এদিন ইরান থেকে ১৮৬ প্রবাসী দেশে ফিরেছেন। প্রতিমন্ত্রী বলেন, “পর্যায়ক্রমে আরও প্রবাসী আনা হবে। যারা ফেরত আসতে চায় তাদের আমরা ফিরিয়ে আনার প্রস্তুতি রেখেছি।”
তিনি বলেন, শেখ হাসিনাকে দেশের আইন অনুযায়ী ফিরিয়ে নিয়ে এসে বিচারের ব্যবস্থা করা হবে।
পরে একই দিন বিকেলে বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী কেএম ওবায়দুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরকান্দা বিএনপি আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি।
পিতার স্মরণ সভায় তিনি বলেন, তার নাম ব্যবহার করে অফিস-আদালতসহ বিভিন্ন স্থানে যারা ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট সব সরকারি দপ্তরে চিঠি প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, কেএম ওবায়দুর রহমান ছিলেন একজন শক্তিশালী সাংগঠনিক ব্যক্তিত্ব, যিনি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। তার আদর্শ ধারণ করতে হলে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে এবং কোনোভাবেই অন্যায়ের সঙ্গে সম্পৃক্ত হওয়া যাবে না।
দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান, যাতে দল ও দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা যায়।
এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
