স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফারুকুজ্জামান ফকির মিয়াকে (৬০) আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি উপজেলার ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আজ বৃহস্পতিবার(১ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফরিদপুর শহর থেকে তাকে আটক করা হয়।
আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মিজানুর রহমান বলেন, ফরিদপুর শহর থেকে তাকে আটক করা হয়েছে। রাতেই তাকে সালথা থানায় হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে পূর্বে মামলা রয়েছে।
এছাড়াও সালথায় বিশেষ অভিযানে মো. ইউসুফ মাতুব্বর (৭০) ও মো. ইউনুছ মোল্যা (৬৭) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই প্রবীণ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারী) দুপুরে একটি বিস্ফোরক আইনের তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মো. ইউনুছ মোল্যা উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃত পাচু মোল্যার ছেলে। তিনি বল্লভদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। ইউসুফ মোল্যা উপজেলার ভাওয়াল ইউনিয়নের শিহিপুর গ্রামের বাসিন্দা। তিনি ভাওয়াল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, এলাকায় নাশকতা সৃষ্টির অভিযোগে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ নামক বিশেষ অভিযান পরিচলনা করে বুধবার রাতে উপজেলার ফুলবাড়িয়া এলাকা থেকে আওয়ামী লীগ ইউনুছ মোল্যাকে আটক করা হয়। পরদিন বৃহস্পতিবার সকালে সালথা বাজার এলাকা থেকে আরেক আওয়ামী লীগ ইউসুফ মাতুব্বরকে আটক করা হয়। পরে তাদরেকে বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
