স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের ভাঙ্গায় এক যুবককে লক্ষ্য করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার ঘটনায় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় ঘটনার কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। পরে গ্রেপ্তার আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে একটি .২২ বোর রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ভাঙা থানা পুলিশের ওসি মিজানুর রহমান সাংবাদিকদের জানান, গত ১৭ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে ভাঙ্গা-গোপালগঞ্জ মহাসড়কের দক্ষিণ পাশে হাজী বিরিয়ানি হাউজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। মো. হামিদুল গাজী (৪২) নামে এক ব্যক্তি তার প্রাইভেটকার মহাসড়কের পাশে রেখে সিগারেট কিনতে গেলে এক অজ্ঞাত যুবকের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই যুবক হামিদুলকে দুই থাপ্পড় দেন বলে পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এরপর হামিদুল গাড়িতে উঠে সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে ওই যুবককে লক্ষ্য করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এ সময় তার সঙ্গে গাড়িতে একজন নারী আরোহী ছিলেন।
ঘটনার খবর পেয়ে ভাঙ্গা থানার এসআই প্রশান্ত কুমার মণ্ডল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান। তবে প্রাইভেটকারটি দ্রুত গোপালগঞ্জের দিকে চলে যাওয়ায় তাৎক্ষণিকভাবে হামিদুলকে আটক করা সম্ভব হয়নি।
এ ঘটনায় এসআই প্রশান্ত কুমার মণ্ডল বাদী হয়ে ১০ সেপ্টেম্বর ভাঙ্গা থানায় মামলা করেন। মামলায় অস্ত্র আইনের ১৯(এ) ধারাসহ দণ্ডবিধির ৩০৭ ও ৫০৬ ধারায় মামলা করা হয়। মামলাটির তদন্তভার দেওয়া হয় এসআই মোহাম্মদ মিজানুর রহমানকে।
পুলিশ জানায়, ১৫ সেপ্টেম্বর র্যাব-১, ঢাকার সহযোগিতায় ঢাকা থেকে মামলার এজাহারনামীয় আসামি হামিদুল গাজী এবং তার সঙ্গে থাকা নারী আরোহী ফাতেমা ইসলাম এনি (২৬)কে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে ঢাকা মেট্রো-গ-১৬-৩০৮৭ নম্বরের প্রাইভেটকারটি জব্দ করা হয়।
পরে হামিদুলের দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সিগঞ্জের লৌহজংয়ে তার বাড়ির একটি পরিত্যক্ত টয়লেটে অভিযান চালিয়ে তার দেখানো স্থান থেকে একটি .২২ বোর রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার দুইজন ও উদ্ধারকৃত অস্ত্র বর্তমানে ভাঙ্গা থানা পুলিশের হেফাজতে রয়েছে।
