সালথা:
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের মানুষ যুদ্ধ করে আসছে। এই গণতন্ত্র ও ভোটাধিকার যত পর্যন্ত প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত এই যুদ্ধ চলবে। বাংলাদেশে বিএনপি একমাত্র দল যার কাছে গণতন্ত্র নিরাপদ।
বুধবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া স্কুল মাঠে স্থানীয় বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে কর্মীদের রেখে পালিয়ে গেছেন স্বৈরাচার শেখ হাসিনা। ফরিদপুর-২ আসনের বিনাভোটের এমপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের রেখে পালিয়ে গেছেন। এতে সমস্যা নেই। বিশেষ করে আমাদের সালথা-নগরকান্দায় আমার বাবা মরহুম কেএম ওবায়দুর রহমান দলমত নির্বিশেষে কাউকে ফেলে দিয়ে যায় নাই। আমি তার সন্তান হিসেবে আপনাদের ফেলে কোথাও যাব না এটা আমার দায়িত্ব।
সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবির সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা আরাফত রহমান স্মৃতি সংসদের সভাপতি ইয়াসিন বিশ্বাস, ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজ প্রমূখ।
