স্টাফ রিপোর্টার:
দলিল লেখকদের দীর্ঘদিনের ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ দলিল লেখক সমিতির ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে এ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ দলিল লেখক সমিতির ফরিদপুর জেলা শাখা।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির চেয়ারম্যান আলহাজ এম. এ. রশিদ। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মহাসচিব কে. এস. হোসেন টমাস।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ নুরুল হক মিয়া।
ফরিদপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আলী আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব আমিরুল ইসলাম আকন, আলহাজ ফিরোজ আলম ও এস এম আয়নাল হকসহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ এম. এ. রশিদ বলেন, “দলিল লেখকরা ভূমি ও রেজিস্ট্রেশন সেবার গুরুত্বপূর্ণ অংশ। তাদের ন্যায্য দাবি বাস্তবায়ন হলে সেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষও উপকৃত হবে। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দলিল লেখকদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা।”
প্রধান বক্তা কে. এস. হোসেন টমাস বলেন, “দলিল লেখকদের পেশাগত মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ৭ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
বক্তারা দলিল লেখকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, ন্যায়সঙ্গত দাবি আদায় এবং সংগঠনের ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে উত্থাপিত ৭ দফা দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি। এসব দাবি বাস্তবায়িত হলে দেশের দলিল লেখক সমাজ উপকৃত হবে এবং ভূমি রেজিস্ট্রেশন সেবার মান আরও বৃদ্ধি পাবে।
সম্মেলনের শুরুতে প্রয়াত দলিল লেখক সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুপ্রিয়া দত্ত।
অনুষ্ঠানে দলিল লেখক সমিতির মৃত তিন সদস্যের পরিবারের মাঝে এক লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। এ সময় প্রতিক্রিয়া ব্যক্ত করে মরহুম সদস্য মো. আবুল কালাম আজাদের স্ত্রী নুরুন্নাহার বেগম সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্মেলনে ফরিদপুরসহ বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত দলিল লেখকরা অংশগ্রহণ করেন। এ সময় দাবি আদায়ের লক্ষ্যে ভবিষ্যৎ কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সম্মেলনের দ্বিতীয় পর্বে মো. সাইফুল ইসলামকে সভাপতি এবং মো. শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২০২৫-২০২৯ মেয়াদের জন্য ৭১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
