স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের নগরকান্দা উপজেলা হলরুমে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানভিত্তিক সৃজনশীল উদ্যোগকে উৎসাহিত করতে অনুষ্ঠিত হয়েছে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program”। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের বিজ্ঞানভিত্তিক প্রকল্প, প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী ধারণা এবং ভবিষ্যতমুখী স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করেন। প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সৃজনশীলতা ও গবেষণামুখী চিন্তার প্রশংসা করেন অতিথিরা। তাদের মতে, এ ধরনের আয়োজন স্থানীয় পর্যায়ে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, তরুণদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তিই আগামী বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ। শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে নতুন প্রজন্মকে বিশ্বমানের প্রতিযোগিতায় সক্ষম করে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে।
তিনি আরও বলেন, “উদ্ভাবন শুধু একটি ধারণা নয়, এটি ভবিষ্যৎ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশকে এগিয়ে নেওয়ার অন্যতম চালিকাশক্তি।” এ সময় তিনি শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণা ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নির্মাণে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজিহারুল ইসলাম, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, উদ্ভাবনী ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে এবং স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ইতিবাচক ভূমিকা রাখবে।
