স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর-খ ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ইমরান শেখকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ফরিদপুর জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানাযায়।

আদেশে উল্লেখ করা হয়, সহকারী কমিশনার (ভূমি), বোয়ালমারীর ২৬ জুলাই ২০২৬ তারিখের স্মারকের প্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির দায়ে এবং একই বিধিমালার ১২(১) ধারা মোতাবেক ইমরান শেখকে ২৬ জুলাই ২০২৬ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা (Subsistence Allowance) প্রাপ্য হবেন।
ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামের স্বাক্ষরিত এ আদেশ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।
এ বিষয়ে বোয়ালমারীর সহকারি কমিশনার ভূমি মোঃ শিব্বির আহমেদ বলেন, বিষয়টি আমাদের নজরে আসার পরেই আমরা উদ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি, তার পরেই জেলা প্রশাসক মহোদয়ের আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার এই কর্মকাণ্ডে সরকারি বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা ইমরান শেখের বিরুদ্ধে সেবা গ্রহীতার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠে।
রবিবার বিকেলে টাকা নেওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ সময় অফিসের চেয়ারে বসে গুনে গুনে ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
দুই মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়,উপজেলার সাতৈর ইউনিয়নের এক সেবা গ্রহীতার কাছ থেকে তিনি তার চেয়ারে বসে গুনে গুনে টাকা নিচ্ছেন। এ সময় ভিডিওতে ওই কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনারকে(ভূমি)নিয়েও মন্তব্য করেন। তাকে বলতে শোনা যায় “উনিও চল্লিশতম বিসিএস আমিও চল্লিশতম বিসিএস,উনার কপাল ভালো উনি ক্যাডার হয়েছেন,আর আমি নন ক্যাডার হয়েছি।
