স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের নগরকান্দা উপজেলার একটি ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে সেবা দেওয়ার বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

অভিযোগের পর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরবর্তীতে তাকে মৌখিকভাবে সতর্কীকরণ এবং বর্তমান কর্মস্থল থেকে বদলি করে জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা
হয়েছে।
নগরকান্দা উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, ডাঙ্গী ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা জি এম সারোয়ার-এর বিরুদ্ধে গত ১৭ জুলাই অফিস চলাকালে এক সেবা গ্রহীতার কাছ থেকে অর্থ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে সেবা দেওয়ার কথা বলে অর্থ গ্রহণের অভিযোগ ওঠে।
এ ঘটনায় ১৫ জুলাইয়ের একটি অভিযোগের প্রেক্ষিতে ২৭ জুলাই তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। একই সঙ্গে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা
রেজওয়ানা আফরিন জানান, অভিযুক্ত কর্মকর্তা অভিযোগের বিষয়ে কারণ দর্শানো এবং মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। তিনি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না বলে অঙ্গীকার করেছেন।
তবে তার কর্মকাণ্ডে সরকারি সেবার প্রতি জনআস্থা ক্ষুণ্ন হয়েছে এবং ভূমি অফিসের ভাবমূর্তি নষ্ট হয়েছে উল্লেখ করে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
উল্লেখিত ঘটনার প্রেক্ষিতে
জেলা প্রশাসকের কার্যালয়ের (রাজস্ব শাখা) ২৮ জুলাইয়ের অফিস আদেশে জি এম সারোয়ারকে ডাঙ্গী ইউনিয়ন ভূমি অফিস থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি সেখানে দায়িত্ব পালন করবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মিন্টু বিশ্বাস জানিয়েছেন,
নগরকান্দা উপজেলা প্রশাসনের সুপারিশ অনুযায়ী আমরা তাকে
ঘুষ গ্রহণের অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাকে তাৎক্ষণিকভাবে ডাঙ্গী ইউনিয়ন ভূমি অফিস থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
