স্টাফ রিপোটার :
জাপানের উত্তর-পূর্ব উপকূলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হেনেছে। সোমবার রাতে এই ভূমিকম্পের পর তিন মিটার (১০ ফুট) পর্যন্ত উচ্চতার সুনামি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া সংস্থা (জেএমএ)।
হোক্কাইডো, আওমোরি এবং ইওয়াতে প্রশাসনিক এলাকায় এই সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এলাকার বাসিন্দাদেরও সরে যেতে বলা হয়েছে।
জেএমএ জানায়, মধ্যরাতের আগে আওমোরির মুৎসু ওগাওয়ারা এবং হোক্কাইডোর উরাকাওয়া বন্দরে ৪০ সেন্টিমিটারের সুনামি দেখা গেছে।
ভূমিকম্পের উপকেন্দ্র ছিল আওমোরি উপকূল থেকে ৮০ কিলোমিটার দূরে এবং এর গভীরতা ৫০ কিলোমিটার ছিল বলে জানিয়েছে আবহাওয়া সংস্থাটি।
জাপান বিশ্বের সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ দেশগুলোর একটি। প্রতি পাঁচ মিনিট অন্তর অন্তত একবার কম্পন অনুভূত হয় দেশটিতে।
সোমবারের ভূমিকম্পের ইস্ট জাপান রেলওয়ে এলাকায় কয়েকটি ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। ২০১১ সালের মার্চে এই অঞ্চলেই আঘাত হেনেছিল ৯ দশমিক ০ মাত্রার ভূমিকম্প।
