যারা সামান্য কিছু হলেই বিদেশে ছুটে যান, তাদের জন্য নিজের দেশে চিকিৎসা নেয়াই একটি প্রতিবাদ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার সকালে নিজের নির্বাচনী এলাকায় আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
এসময় ফ্রি মেডিক্যাল ক্যাম্পে অংশ নেন ঢাকায় কর্মরত বিভিন্ন বেসরকারি হাসপাতালের শিশুরোগ, মেডিসিন ও চর্ম বিশেষজ্ঞ চিকিৎসকরা। এখানে চিকিৎসা নিতে আসেন এলাকার নানান বয়সী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে আনন্দ প্রকাশ করেন তারা।
গত ১৯ জুলাই জামায়াতের সমাবেশে অসুস্থ হওয়ার পর দীর্ঘ চিকিৎসা শেষ প্রায় দেড় মাস পর দলীয় কর্মসূচিতে অংশ নেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এসময় তিনি জানান, বাংলাদেশে চিকিৎসা নেয়ার উদ্দেশ্য ছিলো যারা হাঁচি-কাশি দিলেই বিদেশে যায়, সেটির প্রতিবাদ।
ডা. শফিকুর রহমান বলেন, ‘রাজনীতিবিদরা দেশের নাগরিকদের জন্য কথা বলে। সেই নাগরিকদের দেশে ফেলে বিদেশে চিকিৎসা নিতে যাওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। আমার বাংলাদেশে চিকিৎসা নেয়া উদ্দেশ্য ছিলো, যারা হাঁচি-কাশি দিলেই বিদেশে যায় সেটির প্রতিবাদ। আপনি সোনার বাংলা গড়তে চাইবেন কিন্তু জনগণকে রেখে বিদেশে চিকিৎসা নেবেন, সেটি সমর্থন করি না।’
