স্টাফ রিপোর্টার:
দীর্ঘ সময় অপেক্ষার পর বাংলাদেশিদের জন্য আবারও পর্যটন বা ট্যুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে ভারত।
দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ হিসেবে কয়েক সপ্তাহের মধ্যেই এই পরিষেবা পুনরায় শুরু হতে পারে। ভারতের সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু বিজনেস লাইন’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নয়া দিল্লি চলতি মে মাসের শেষ দিকে অথবা জুন মাসেই বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ইস্যু করা শুরু করতে পারে। বর্তমানে ভারত প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার মেডিকেল ভিসা দিচ্ছে। পর্যটন ভিসা চালু হলে এই সংখ্যা আগের মতো স্বাভাবিক পর্যায়ে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তন এবং পরবর্তীতে বিভিন্ন পাল্টাপাল্টি ঘটনার জেরে দুই দেশের সম্পর্কের মধ্যে এক ধরনের স্থবিরতা তৈরি হয়েছিল। গত বছরের ডিসেম্বরে ঢাকায় ভারতীয় মিশনে বিক্ষোভ ও হামলার জেরে ভিসা কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়। তবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচিত সরকার (বিএনপি নেতৃত্বাধীন সরকার) ক্ষমতা গ্রহণের পর পরিস্থিতি পাল্টাতে শুরু করে।
বিজনেস লাইন বলছে, গত এপ্রিলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের নয়া দিল্লি সফর দুই দেশের মধ্যে জমে থাকা ‘বরফ গলানোর’ ক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করেছে। এই উচ্চপর্যায়ের সফরের মাধ্যমেই কনস্যুলার পরিষেবা ও যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারের পথ প্রশস্ত হয়েছে।
দুই দেশের সরকার এখন কারিগরি পর্যায়ের বৈঠকগুলো পুনরায় শুরুর পরিকল্পনা করছে। এর ফলে বাণিজ্য, শুল্ক, পানিবণ্টন, সীমান্ত ব্যবস্থাপনা এবং কনস্যুলার ইস্যুসহ ঝুলে থাকা বিভিন্ন অমীমাংসিত বিষয়ে আলোচনার সুযোগ তৈরি হবে।
২০২৪ সালের আগস্টের আগে ভারত প্রতিদিন প্রায় ৬ থেকে ৭ হাজার ভিসা ইস্যু করত। কিন্তু সম্পর্কের টানাপোড়েনে ২০২৬ সালের শুরুর দিকে তা কমে দিনে এক থেকে দেড় হাজারে নেমে আসে। বর্তমানে চিকিৎসা এবং জরুরি প্রয়োজন ছাড়া ভিসা পরিষেবা বন্ধ থাকলেও ট্যুরিস্ট ভিসা চালুর মাধ্যমে তা আবার আগের অবস্থায় ফিরবে।
