স্টাফ রিপোর্টার:
ফরিদপুরে হামে উপসর্গ গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ৩০ শিশু। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৩ জন।
মারা যাওয়া শিশুদের মধ্যে রয়েছে রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া এলাকার রেজাউল হোসেনের ৯ মাস বয়সী ছেলে আয়ান এবং ফরিদপুর সদর উপজেলার হারুকান্দি এলাকার মোহাম্মদ কামরুল ইসলামের ৩ মাস বয়সী ছেলে আব্দুল্লাহ। তারা দুজনই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, “ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের বেশিরভাগই শিশু। বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসা ও পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে।”
তিনি আরও বলেন, “অভিভাবকদের আতঙ্কিত না হয়ে দ্রুত শিশুকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। হামের লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। একই সঙ্গে টিকাদান কর্মসূচির আওতায় সব শিশুকে আনতে হবে।”
ফরিদপুরে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক
আব্দুল্লাহ সায়াদ জানান, আক্রান্ত শিশুদের অনেকেই জ্বর, শরীরে লালচে দানা, শ্বাসকষ্ট ও দুর্বলতা নিয়ে হাসপাতালে আসছে। অনেক ক্ষেত্রে দেরিতে হাসপাতালে আনার কারণে জটিলতা বাড়ছে।
এদিকে হামের বিস্তার রোধে জেলা স্বাস্থ্য বিভাগ সচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে। বিভিন্ন এলাকায় টিকাদান ও প্রচারণা কার্যক্রম চালানো হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
