দেশের স্বাধীনতার জন্য ৫৪ বছর আগে মুক্তিযুদ্ধ করার কথা উল্লেখ করে দেশবাসীর কাছে মুক্তিযোদ্ধা, বিএনপি নেতা ফজলুর রহমান জানতে চেয়েছেন, এই দেশে (বাংলাদেশ) তার বেঁচে থাকার অধিকার আছে কিনা।
মব সৃষ্টি করে তার ওপর হামলা চলতে পারে কি না। তিনি বলেন, এগুলোর উত্তর যদি ‘না’ হয়, তাহলে এসবের প্রতিবাদ করার আহ্বান জানান তিনি৷
ফজলুর রহমান বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা। ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার প্রথম আলো জানায়, জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য’ দেওয়ার অভিযোগে গতকাল রোববার তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। এরপর মধ্যরাত থেকে তাকে গ্রেপ্তারের দাবিতে রাজধানীর সেগুনবাগিচায় ফজলুর রহমানের বাসার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন একদল ব্যক্তি।
এ পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের আইনজীবী ফজলুর রহমান আজ সোমবার দুপুরে আদালত প্রাঙ্গণে গিয়ে বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। নিজের ও স্ত্রী–সন্তানের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘‘হে বাংলাদেশের মানুষ, আমি তো আজ থেকে ৫৪ বছর আগে আপনাদের জন্য যুদ্ধ করেছিলাম। আজকে যে সন্তানেরা আমার বিরুদ্ধে স্লোগান দেয়, তোমাদের জন্য একটি স্বাধীন দেশ সৃষ্টি করার জন্য আমি যুদ্ধ করেছিলাম। তোমাদের কাছ থেকে কি অপমৃত্যুটা আমার কাম্য?”
ফজলুর রহমান বলেন, ‘‘যদি আমার কোনো কথায় তোমরা মনে করো, আমি দেশের বিরুদ্ধে কথা বলছি বা তোমাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলছি, আমার বিরুদ্ধে মামলা করো, আমাকে গ্রেপ্তার করো, আমাকে শাস্তি দাও। কিন্তু আমাকে হত্যা করার জন্য আমার বাসা পর্যন্ত মব সৃষ্টি করো গিয়া, যেটা গত এক বছর যাবৎ বাংলাদেশে (চলছে), এই পৃথিবীতে এবং বাংলাদেশে সবচেয়ে কুখ্যাত নাম মব, সেই মব জাস্টিস আমার ওপর চলতে পারে কিনা এবং চলবে কিনা, সেটা আমি বাংলাদেশের মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই।”
এর পাশাপাশি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে অবস্থিত ল রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে গিয়ে সংবাদ সম্মেলন করেন ফজলুর রহমান। এ সময় তাঁর স্ত্রী ও ছেলেও উপস্থিত ছিলেন।
সেখানে ফজলুর রহমান বলেন, ‘‘বাংলাদেশের মানুষ, আপনারা জেনে রাখুন, আমার জীবন বড় শঙ্কায় আছে। আমি মুক্তিযুদ্ধ ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি।…আমি একজন মানুষ। আমার অধিকার আছে বেঁচে থাকার।”। তথ্যসূত্র ডি ডাব্লি
