স্টাফ রিপোর্টার :
ফরিদপুর শহরকে পরিচ্ছন্ন, নান্দনিক ও আধুনিক নগরীতে রূপান্তরের লক্ষ্যে ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের কথা জানিয়েছেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আসন্ন পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল।
সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে তিনি জানান, গত কয়েক মাস ধরে নিজস্ব উদ্যোগে শহরের সৌন্দর্য বৃদ্ধি, পরিচ্ছন্নতা রক্ষা এবং নাগরিকবান্ধব পরিবেশ গড়ে তুলতে বেশ কিছু ক্ষুদ্র পরিসরের কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, আগামীর ফরিদপুর পৌরসভা কিংবা সম্ভাব্য সিটি করপোরেশনকে দেশের অন্যতম মডেল ও পরিকল্পিত নগরীতে পরিণত করার লক্ষ্যে একটি সমন্বিত মাস্টারপ্ল্যান ইতোমধ্যে প্রণয়ন করা হয়েছে। পরিকল্পনায় নগর পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন, আধুনিক অবকাঠামো নির্মাণ, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সেবার মানোন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল বলেন, এই মাস্টারপ্ল্যান বাস্তবায়নে ফরিদপুরবাসীর দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে তিনি শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সকল নাগরিককে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি তার পোস্টে লেখেন, “পরিচ্ছন্ন শহর গড়ি, সাজানো নগর গড়ি”— এই স্লোগানকে সামনে রেখে একটি আধুনিক, বাসযোগ্য ও দৃষ্টিনন্দন ফরিদপুর গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
