স্টাফ রিপোর্টার:
কদিন আগে বিশ্বকাপ ফাইনালে মাহেন্দ্র সিং ধোনিকে দেখা গেল মাঠে। ভারতের শিরোপা জয়ের স্বাক্ষী হলেন গ্যালারি থেকে। এবার তার নিজেরই মাঠে নামার পালা। আইপিএলের আগমনী ধ্বনি বাজছে। ধোনিকে আবার মাঠে দেখার অপেক্ষাও শেষ হতে চলেছে। চেন্নাই সুপার কিংসের অনুশীলনেও যোগ দিয়েছেন। মৌসুম শুরুর আগে ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী নিশ্চিত করে দিলেন, সব ম্যাচেই পাওয়া যাবে ধোনিকে।
গত আইপিএলেও চেন্নাইয়ের ১৪ ম্যাচের সব কটিতেই মাঠে নেমেছেন ধোনি। তবে তার যা বয়স, প্রতি মৌসুমের আগেই প্রশ্নটি ওঠে, কতগুলি ম্যাচ তিনি খেলতে পারবেন। মৌসুম শেষে যেমন প্রশ্ন ওঠে, এবারই শেষ কি না। বয়স ৪৪ পূর্ণ করেছেন গত জুলাইয়ে। আইপিএল ছাড়া তার ক্রিকেটার পরিচয়ও আর টিকে নেই। ফিটনেস আর নানা পারিপার্শ্বিকতা মিলিয়ে সংশয়ের অবকাশ থাকেই।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বুধবার সেই প্রশ্নেরই উত্তর দিলেন চেন্নাইয়ের প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথন, “সে ম্যাচগুলি খেলবে, সব ম্যাচই খেলবে।”
তাকে ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ হিসেবে খেলানো হবে নাকি কোন ভূমিকায়, সেটি অবশ্য জানেন না বলেই দাবি করলেন প্রধান নির্বাহী।
“এটা তো আমি বলতে পারি না। এটা ক্রিকেটীয় সিদ্ধান্ত, ক্রিকেট স্টাফরাই এসব বলতে পারবেন, প্রশাসনিক কোনো কর্মকর্তার সিদ্ধান্তের ব্যাপার নয় এটি। সে ব্যাটার হিসেবে খেলবে নাকি কিপার-ব্যাটার নাকি ইম্প্যাক্ট প্লেয়ার, দলের স্টাফরাই ঠিক করবে।”
ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, আইপিএলের জন্য গত মাস থেকেই নিজ শহর রাঁচিতে প্রস্তুতি নিয়েছেন ধোনি। চেন্নাই দলের সঙ্গে প্রস্তুতি শুরু করেছেন সপ্তাহখানেক আগে।
ধোনির নেতৃত্বে ১০ বার আইপিএলের ফাইনাল খেলেছে চেন্নাই। চ্যাম্পিয়ন ও রানার্স আপ সমান ৫ বার করে। আইপিএলের ইতিহাসের সফলতম দল তারা। বিলুপ্ত হয়ে যাওয়া চ্যাম্পিয়ন্স লিগ ক্রিকেটেও ধোনির নেতৃত্বে দুটি শিরোপা জিতেছে চেন্নাই।
এখন আর তিনি অধিনায়ক নন। তবে চেন্নাইয়ে তিনি তুমুল জনপ্রিয়। রাঁচির সন্তান হলেও তিনি হয়ে উঠেছেন চেন্নাইয়ের প্রতীক।
