স্টাফ রিপোর্টার:
নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি, লিটন দাসের ফিফটি আর মোস্তাফিজুর রহমান, নাহিদ রানার তোপ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচের জন্যই যেন নিজেদের সেরাটা তুলে রেখেছিলেন তারা।
তৃতীয় ওয়ানডেতে সহজ জয়-ই পেতে যাচ্ছিল বাংলাদেশ। তবে শেষ উইকেটে জুটিতে মেহেদী হাসান মিরাজদের কাজ কঠিন করে তুলেন ডিন ফক্সক্রফট। তার প্রতিরোধ ভেঙে বাংলাদেশ জিতেছে ৫৫ রানে। সেই সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিজেদের করে নিল ২-১ ব্যবধানে।
লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড গুটিয়ে গেছে ৩১ বল বাকি থাকতে ২১০ রানে। এর আগে বাংলাদেশ টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট করে ২৬৫ রান।
১৩ বছর পর কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। এর আগে ২০১৩ সালের শেষদিকে নিজেদের মাটিতে নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল স্বাগতিকেরা।
লক্ষ্য তাড়ায় কিউইরা ১৬০ রানে হারিয়ে ফেলে ৯ উইকেট। বাংলাদেশ তখন সহজ জয়ের কাছাকাছি। কিন্তু ফক্সক্রফট যেন সহজেই হার মানতে চাইলেন না। বেন লিস্টারকে (২*) নিয়ে শেষ উইকেট ৩০ বলে ৫০ রানের জুটি গড়ে ফেলেন এই অলরাউন্ডার।
ফক্সক্রফট দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলেন বাংলাদেশকে। মিরাজের করা ইনিংসের ৪৫তম ওভারের তৃতীয় বলেই অবশ্য ফিরতে পারতেন তিনি। কিন্তু আকাশচুম্বী ক্যাচ তালুবন্দী করতে ব্যর্থ হন মিরাজ নিজেই।
শেষ পর্যন্ত ফক্সক্রফটের ‘স্রোতের বিপরীতের’ লড়াই থামিয়েছেন বাংলাদেশ অধিনায়কই। দুই বল পর বাউন্ডারিতে কিউই ব্যাটারের ক্যাচ নেন সাইফ হাসান। তাতেই থামে নিউজিল্যান্ড।
ফক্সক্রফট ৭ ছক্কায় ৭২ বলে করেন ৭৫ রান। তার আগে নিক কেলির (৫৯) ফিফটিতে লড়াই চালিয়ে যাচ্ছিল কিউইরা। বাংলাদেশ সফরে এসে টানা দুই ফিফটি পাওয়া কিউই ওপেনারকে ফেরান মোস্তাফিজ।
তার আগে ওপেনার হেনরি নিকোলসকেও (৪) ফেরান বাংলাদেশি পেসার। চোটের কারণে প্রথম দুই ম্যাচে না খেললেও শেষ ওয়ানডেতে মাঠে নেমেই ৯ ওভারে ৪৩ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন মোস্তাফিজ।
ওয়ানডেতে এ নিয়ে ছয়বার ‘ফাইফার’ বা ৫ উইকেট পেলেন ‘কাটার মাস্টার’। এর আগেরটি ছিল ৭ বছর আগে। ২০১৯ বিশ্বকাপে, লর্ডসে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ সেই ম্যাচে হারলেও ৭৫ রান দিয়ে ৫ উইকেট নেন ফিজ।
বৃহস্পতিবার চট্টগ্রামে মোস্তাফিজের পাশাপাশি তোপ দাগানো নাহিদ নেন ৩৭ রানে ২ উইকেট। ১ রান কম দিয়ে সমান উইকেট নিয়েছেন মিরাজও।
মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে হার। এরপর টানা দুই জয়ে ঘুরে দাঁড়ানো সিরিজ জয়। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়েছিল বাংলাদেশ।
তবে নাজমুল হোসেন শান্তর (১০৫) সেঞ্চুরি ও লিটনের (৭৬) ফিফটিতে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ। শুরুতেই বাংলাদেশকে বড় ধাক্কা দেন উইল ও’রুর্কি। স্বাগতিকদের প্রথম তিন উইকেটই নেন এই পেসার। কিউইদের হয়ে ২ উইকেট নিয়েছেন লিস্টার ও জেইডেন লেনক্স।
চাপের মুখে দুর্দান্ত সেঞ্চুরি করে ম্যাচ সেরা হয়েছেন শান্ত। আর পুরো সিরিজের গতির ঝড় তোলা নাহিদ হয়েছেন সিরিজ সেরা।
