রবিবার সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ডে আলো ছড়িয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। সিপিএলে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকনসের হয়ে মাত্র ২০ বলে হাফসেঞ্চুরি করেছেন তিনি। টি-টোয়েন্টিতে এটি যৌথভাবে তার দ্রুততম অর্ধশতক।
সাকিবের ২৬ বলে ৬১ রানের ঝড়ো ইনিংসে ছিল পাঁচটি ছক্কা ও সমান সংখ্যক চার। তার এই ব্যাটিংয়ে চার উইকেটে ২০৪ রানের স্কোর পায় অ্যান্টিগা। ৩৭ বছর বয়সী এই অলরাউন্ডার গত বছর বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে ২০ বলে হাফ-সেঞ্চুরি করেছিলেন। তবে সিপিএলের ইনিংস দিয়ে এবার তিনি স্ট্রাইক রেটে নিজের রেকর্ড ভেঙেছেন—তখন স্ট্রাইক রেট ছিল ২২২.৫৮, এবার সেটা করেছেন ২৩৪.৬১!
সাকিবের ঝড়ো ব্যাটিংয়ের পরও ম্যাচের আসল নায়ক ছিলেন মূলত নিউজিল্যান্ডের টিম সেইফার্ট। ৫৩ বলে ১২৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন তিনি। তাতে ছিল ৯টি ছক্কা ও ১০টি চার। তার বিধ্বংসী ব্যাটিংয়ে ঢাকা পড়ে যায় সাকিবের ইনিংস, আর সেন্ট লুসিয়া কিংস ১৩ বল বাকি থাকতেই ছয় উইকেটে জয় তুলে নেয়।
যদিও বল হাতে সাকিবের দিনটা ভালো কাটেনি। বাঁহাতি এই স্পিনার দুই ওভারে কোনও উইকেট পাননি, খরচ করেছেন ৩২ রান। বিশেষ করে সেইফার্ট তাকে তুলোধোনা করেছেন—পাওয়ারপ্লের শেষ ওভারে সাকিবের দ্বিতীয় ওভারে তিনটি চার ও দুটি ছক্কায় তুলেছেন ২৪ রান। এর আগে চতুর্থ ওভারেও সাকিবকে ছক্কা মেরেছিলেন কিউই ব্যাটার।
এই পরাজয়ে অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকনস সিপিএল পয়েন্ট টেবিলে সাত পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। শীর্ষে আছে ত্রিনবাগো নাইট রাইডার্স, আর দ্বিতীয় স্থানে সেন্ট লুসিয়া কিংস। আট ম্যাচে ফ্যালকনস জিতেছে মাত্র তিনটি।
