স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদুল আজহার আনন্দ সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছে ফরিদপুর জেলা প্রশাসন। ঈদের নামাজ আদায় শেষে ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম ছুটে যান সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সরকারি শিশু পরিবারে কিশোর- কিশোরীদের পাশে।
সেখানে তিনি দরিদ্র ও এতিম কিশোর-কিশোরীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় সেখানকার শতাধিক শিশুদের হাতে ঈদের সালামি হিসেবে নতুন টাকার নোট তুলে দেন জেলা প্রশাসক।
হঠাৎ এমন আয়োজন ও নতুন নোটের সালামি পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি।
জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম বলেন, “ঈদের আনন্দ সবার জন্য। সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মাঝেও সেই আনন্দ ছড়িয়ে দিতে জেলা প্রশাসনের এ ক্ষুদ্র প্রয়াস।”
তিনি বলেন আমার আহ্বান থাকবে, এ জেলায় যারা বিত্তবান রয়েছে বছরের বিশেষ বিশেষ দিনে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার। আর এই জাতীয় সহযোগিতার মধ্য দিয়ে যেমনি করে মহান সৃষ্টিকর্তার নৈকট্য লাভ করা সম্ভব তেমনি সামান্য একটু সহানুভূতিতেই
অসহায় ওই মানুষটিকে খুশি করা সম্ভব।
এ সময় সরকারি শিশু পরিবারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পানু মোল্লা, জেলা সমাজসেবা অধিদপ্তরের মাজহারুল ইসলাম, শেখ মো: সোজাউদ্দিন রাশেদ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শিশু পরিবারের শিশু-কিশোরীরাও জেলা প্রশাসকের কাছ কে ঈদ সালামি পেয়ে খুশি হয়।
এছাড়াও জেলা প্রশাসক বৃদ্ধাশ্রম, সেভ হোম ও সুরক্ষা বঞ্চিত সেন্টার প্রদর্শন করেন।
