স্টাফ রিপোর্টার:
সংস্কৃতি চর্চার প্রসার, শিল্পীদের উৎসাহ প্রদান এবং সাংস্কৃতিক সংগঠনগুলোর কার্যক্রম আরও গতিশীল করতে সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদানের চেক বিতরণ করা হয়েছে ফরিদপুরে। একই অনুষ্ঠানে সরকারি চাকরিরত অবস্থায় নিহত কর্মচারীদের পরিবারের সদস্যদের মধ্যেও আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলার ২২টি সাংস্কৃতিক সংগঠনকে দুটি ক্যাটাগরিতে মোট ১২ লাখ ২৫ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, “আজ শিল্প ও সংস্কৃতির চর্চায় আমাদের সমাজ অনেকটাই পিছিয়ে পড়ছে। যে সমাজে সাহিত্য-সংস্কৃতির চর্চা নেই, সে সমাজ কার্যত মৃত সমাজে পরিণত হয়। এর অন্যতম কারণ হলো ভোগ-বিলাসিতার প্রতি অতিরিক্ত আকর্ষণ। আমাদের সন্তানদের এ প্রবণতা থেকে ফিরিয়ে এনে সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। সাহিত্য-সংস্কৃতির চর্চা বৃদ্ধি পেলে মননশীল, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন একটি উন্নত সমাজ গড়ে উঠবে। তখন কিশোর গ্যাং, মাদকাসক্তি ও যৌন হয়রানির মতো সামাজিক ব্যাধিও অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।”
তিনি আরও বলেন, সরকার সংস্কৃতি বিকাশে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং এসব অনুদান সাংস্কৃতিক সংগঠনগুলোর কার্যক্রমকে আরও বেগবান করবে। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ সংস্কৃতির ধারায় গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, জেলা কালচারাল অফিসার সুজিত কুমার সাহা, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক হাসানউজ্জামানসহ অন্যান্য অতিথিরা।
এ সময় উপস্থিত ছিলেন শিশু সংগঠন ফুলকি-এর সভাপতি অঞ্জলি বালা, বাউল শিল্পী আজমল হোসেন, খেয়ালী নাট্য সম্প্রদায়ের আলম খান, ফরিদপুর টাউন থিয়েটারের পলাশ খান, বাংলা থিয়েটারের আনিসুর রহমান, ফরিদপুর আবৃত্তি সংসদের জাহিদুল ইসলামসহ জেলার বিভিন্ন সাহিত্য, সংস্কৃতি ও শিল্প-সংগঠনের নেতৃবৃন্দ এবং সংস্কৃতিসেবীরা।
অনুষ্ঠান শেষে অনুদানপ্রাপ্ত সংগঠনের প্রতিনিধিরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই সহায়তা সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা ও নতুন প্রজন্মকে সংস্কৃতিচর্চায় সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
