চরভদ্রাসন:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পদ্মা নদীর গোপালপুর ঘাট থেকে মৈনট ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি স্পিডবোট ডুবে এক নারী যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন আটজন যাত্রী।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে গোপালপুর ঘাট থেকে স্পিডবোটটি ছেড়ে যাওয়ার পর পদ্মা নদীর অপর পারের মৈনট ঘাটের কাছাকাছি পৌঁছালে প্রচন্ড ঢেউ আর কড়াল স্রোতের কোপে পড়ে বোটটির তলা ফেটে গিয়ে স্পিডবোটে পানি উঠে ডুবে যায়।
এসময় স্পিডবোটের ১৮ জন যাত্রী প্রায় আধা ঘণ্টা যাবৎ পদ্মায় ভেসে ছিলেন। পরে স্থানীয়রা ছুটে গিয়ে দুর্ঘটনা কবলিত যাত্রীদের উদ্ধার করেন।
দুর্ঘটনায় দুর্গা রায় (৫৬) নামের এক গৃহবধু মারা গেছেন। তিনি উপজেলার জয়দেব সরকারের ডাঙ্গি গ্রামের বিমল চন্দ্র রায়ের স্ত্রী। আহত সিকমা আক্তার (২০), লক্ষণ রায় (০৩), মারিয়া আক্তার (২৫), মাসুদ আলম সহ মোট আট যাত্রীকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রজিউল্লাহ খান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে যাই এবং নৌবাহিনীকে অবহিত করি।
চরভদ্রাসন ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার গোলাম মুর্তজা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করি।
চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত হাসপাতালে ছুটে আসি এবং স্বজনদের খোঁজখবর নিচ্ছি। বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি। এ ঘটনায় যদি কারো অবহেলা প্রমাণিত হয় তবে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ননী গোপাল হালদার দুর্গা রায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
