স্টাফ রিপোটার : ফরিদপুরের ভাঙ্গায় লকডাউনকে ঘিরে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে প্রস্তুতকৃত বিপুল পরিমাণ পেট্রোল বোমা, ককটেল ও গান পাওডারসহ বিস্ফোরকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) দুপুর ৩টার দিকে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মনপাড়া এলাকা থেকে পেট্রোল বোমাসহ বোমা তৈরির নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সলিমাবাদ গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে রাজ ইসলাম (২২), চাঁদপুর জেলার মতলব উপজেলার পাঠান বাজার এলাকার নুর মোহাম্মদ স্বপনের ছেলে রাকিব হোসেন (২৫) ও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের জালাল মিয়ার ছেলে জুয়েল রানা (২২)।
পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকা লকডাউনকে কেন্দ্র করে পেট্রোল বোমা, ককটেল, গান পাউডার, হাত বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম প্রস্তুতি করা হচ্ছিল। ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মনপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মনপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময় তিনজনকে আটক করে পুলিশ। এব্যাপারে পুলিশ কাজ করছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
