স্টাফ রিপোর্টার:
বাল্যবিবাহ ও মাদক বিরোধী শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ করে পদ্মা নদীর চরের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করতে দুর্গম অঞ্চলে ছুটে গেলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও তার টিম।

মঙ্গলবার দুপুরে পদ্মার চরে ভাঙ্গি ডাঙ্গী গ্রামে মোতালেব হোসেন উচ্চ বিদ্যালয় এবং মাজেদা বেগম মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. মজহারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, সদরের সহকারী কমিণনার (ভূমি) শফিকুল ইসলাম সহ স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা।
এ সময় জেলা প্রশাসক মো. মজহারুল ইসলাম বলেন, বাল্যবিবাহের বিরুদ্ধে শিক্ষার্থীদের কে প্রতিরোধ গড়ে তুলতে হবে, যুব সমাজকে বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, মোবাইল আসক্তি এবং মাদক থেকে নিজেকে মুক্ত রাখতে হবে এবং যারা আসক্ত তাদেরকে এ পথ থেকে ফেরাতে হবে।
শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ এর আগে পার্শ্ববর্তী মাজেদা বেগম মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শন করে কর্মকর্তাগণ সেখানকার চিকিৎসা ব্যবস্থার খোঁজখবর নেন এবং সেখানকার জনবল বরাদ্দ বৃদ্ধির জন্য কর্তৃপক্ষকে অবগত করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। স্বাস্থ্য সেবা কেন্দ্রটির অচলাবস্থা দূর করার ব্যাপারে পরিবার পরিকল্পনা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পরিদর্শন শেষে অবগত করেন জেলা প্রশাসক।
বিকেলে মোতালেব হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মোতালেব হোসেন হাই স্কুলের শিক্ষকদের সাথে পৃথক পরামর্শ সভা করেন জেলা প্রশাসক সহ কর্মকর্তাবৃন্দ। সেখানে শিক্ষকদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেয়া হয়।
অভিভাবক সমাবেশে শিক্ষা ও ক্রীড়া উপকরণ এবং দশটি বাইসাইকেল বিতরণ করা হয় দূরবর্তী শিক্ষার্থীদের জন্য। এ সময় মোতালেব হোসেন হাই স্কুলের ছাত্রীদের জন্য একটি কমন রুম উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
প্রতিষ্ঠান দুটি পরিদর্শন শেষে মাঠের এক প্রান্তে গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।
