স্টাফ রিপোর্টার:
ইলিশ মৌসুমের শেষ সময়ে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে ধরা পড়ছে রূপালি ইলিশ। ভোর থেকেই নদী থেকে ইলিশ নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা। সপ্তাহের ব্যবধানে কমেছে ইলিশের দামও।
গত সপ্তাহে প্রতি কেজি ইলিশ বিক্রি হয়েছে ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত। এখন তা নেমে এসেছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়। তবে আকারভেদে রয়েছে দামের পার্থক্য। মৌসুমের শুরু ও মাঝামাঝি সময়ে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় হতাশ ছিলেন জেলেরা।
শেষ সময়ে কিছুটা ইলিশ ধরা পড়ায় ফিরেছে স্বস্তি। তবে নদীতে ইলিশের পরিমাণ এখনও প্রত্যাশার তুলনায় কম বলে জানিয়েছেন তারা। ইলিশের সরবরাহ বাড়ায় স্বস্তি ফিরেছে আড়তদার ও ব্যবসায়ীদের মাঝেও।
