স্টাফ রিপোর্টার:
একটা উদ্ভিদ আছে, যে একদিনে প্রায় এক ফুট লম্বা হয়ে যেতে পারে, যেটা আবার খাবারও, আবার ঘরবাড়ির দেয়ালও! প্রকৃতির সেই বিস্ময়কর উপহারই হলো বাঁশ। আজ ১৮ সেপ্টেম্বর বিশ্ব বাঁশ দিবস, এই উপলক্ষে জেনে নিই বাঁশ নিয়ে কিছু বিচিত্র তথ্য—
১. পৃথিবীর দ্রুততম উদ্ভিদ

সমুদ্রের বিশাল কেল্প শৈবাল বাদ দিলে, বাঁশই পৃথিবীর সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা স্থলজ উদ্ভিদ। কোনো কোনো প্রজাতির বাঁশ দিনে গড়ে প্রায় ৯১ সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে। অর্থাৎ, সকালে যে বাঁশ দেখলেন, বিকেল নাগাদ সেটি চোখে পড়ার মতো লম্বা হয়ে যেতে পারে!

২. গাছ নয়, বিশাল ঘাস!
আমরা সবাই বাঁশকে গাছ ভাবি। আসলে বাঁশ কোনো গাছই নয়, বরং ঘাস পরিবারের সদস্য। শেকড়ও ঘাসের মতো অগভীর, তবে কাণ্ড শক্ত কাঠের মতো। তাই বাঁশকে বলা হয় ‘উডি গ্রাস’। এই আশ্চর্য বৈশিষ্ট্যের কারণেই বাঁশ প্রকৃতির এক অভিনব সৃষ্টি।
৩. প্রাকৃতিক এয়ারকন্ডিশনার
গ্রীষ্মের দাবদাহে বাঁশের ঝাড়ের ভেতরে ঢুকলেই হালকা ঠান্ডা বাতাস টের পাওয়া যায়। গবেষণা বলছে, বাঁশ আশেপাশের তাপমাত্রা প্রায় ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমিয়ে দিতে পারে। অর্থাৎ বাঁশবন যেন প্রকৃতির বানানো এক প্রাকৃতিক এয়ারকন্ডিশনার।

৪. একশো বছরে একবার ফুল!
বাঁশের সবচেয়ে রহস্যময় দিক হলো এর ফুল ফোটার বিরলতা। কিছু প্রজাতির বাঁশ প্রায় ১০০ বছর বা তারও বেশি সময় পর ফুল ফোটায়। আশ্চর্যের বিষয় হলো, পৃথিবীর যেখানেই একই প্রজাতির বাঁশ থাকুক না কেন, একই সময়ে তারা ফুল ফোটায় এবং বীজ দেয়। প্রকৃতির এ এক দুর্লভ মিলনমেলা।

৫. খাবার হিসেবেও জনপ্রিয়
শুধু কাঠ নয়, বাঁশ মানুষের খাবার হিসেবেও দারুণ জনপ্রিয়। নরম কচি শিপা বা অঙ্কুর খাবার হিসেবে ব্যবহৃত হয়। এশিয়ার বহু দেশে—বিশেষ করে চীন, জাপান, থাইল্যান্ড ও ভিয়েতনামে—এই বাঁশশিপা দিয়ে তৈরি হয় সুস্বাদু তরকারি, স্যুপ বা স্টার ফ্রাই।
আমাদের দেশেও বাঁশ খাবার সংস্কৃতির অংশ হয়ে আছে। পার্বত্য চট্টগ্রামে বাঁশ কোড়ল (বাঁশের কচি অঙ্কুর) ভীষণ জনপ্রিয় খাবার। পাহাড়ি জনগোষ্ঠীর রান্নায় এটি বিশেষ জায়গা দখল করে আছে। ভর্তা, ঝোল কিংবা ভাজি—যেভাবেই রান্না হোক, বাঁশ কোড়ল হয়ে ওঠে অনন্য স্বাদের খাবার।

৬. পান্ডা আর হাতির প্রিয় খাবার
পান্ডা মানেই বাঁশ। তাদের খাদ্যের প্রায় ৯৯ শতাংশই বাঁশ—পাতা, কাণ্ড আর নরম শিপা। একেকটা পান্ডা দিনে ১২ থেকে ৩৮ কেজি বাঁশ খেয়ে ফেলে! শুধু পান্ডাই নয়, হাতিরও প্রিয় খাবার বাঁশ। আফ্রিকা আর এশিয়ার বনে হাতিদের প্রায়ই দেখা যায় বাঁশ চিবোতে। এশিয়ান হাতি একসঙ্গে প্রায় ১৫০ কেজি পর্যন্ত বাঁশ খেয়ে নিতে পারে। প্রকৃতির এই বিশাল প্রাণীরা বাঁশ ছাড়া যেন বাঁচতেই পারে না।

৭. মনের টনিক
আপনি জানেন কি, বাঁশ শুধু পরিবেশ ঠান্ডা করে না, বরং আমাদের মনকেও ভালো করে তোলে? গবেষণা বলছে, বিশেষ করে ক্লাম্পিং বাঁশ বাতাসকে অন্য যেকোনো উদ্ভিদের চেয়ে প্রায় ৩০ শতাংশ বেশি বিশুদ্ধ করে। চারপাশে অক্সিজেনের মাত্রা বেড়ে যায়, ফলে মাথাব্যথা, ক্লান্তি কমে যায়। তাই বাঁশবনে হাঁটলে মন কেমন যেন হালকা হয়ে যায়।
৮. অসংখ্য প্রজাতি
পৃথিবীতে আছে প্রায় ১,৫০০ প্রজাতির বাঁশ। একেকটা প্রজাতির একেক রকম রূপ, আকার আর ব্যবহার। শুধু অস্ট্রেলিয়াতেই আছে প্রায় ৪০০ প্রজাতি। তবে পান্ডারা বেছে খায় মাত্র ৪২ প্রজাতি। ভাবুন তো—হাজার প্রজাতির মধ্যে মাত্র কয়েকটাকে তারা ‘খাওয়ার যোগ্য’ মনে করে!

৯. তৃষ্ণার ইঙ্গিত
বাঁশও জানায় তার তৃষ্ণার কথা। যদি দেখেন বাঁশের পাতা কুঁকড়ে যাচ্ছে, বুঝবেন সে পানি চাইছে। কয়েক দিন পানি না পেলে বাঁশ কিছু পাতা ঝরিয়ে দেয়, যাতে কম শক্তি খরচ হয়। প্রকৃতি তাকে এমন বুদ্ধিমত্তা দিয়েছে টিকে থাকার জন্য।
১০. ইস্পাতের মতো শক্ত
অনেকের ধারণা বাঁশ নরম আর দুর্বল। কিন্তু বাস্তবে কিছু বাঁশ এতটাই শক্তিশালী যে তা কোনো কোনো ক্ষেত্রে ইস্পাতের চেয়েও টেকসই। তাই এশিয়ার অনেক দেশে বাড়ি, আসবাব, সেতু এমনকি বহুতল ভবনের স্ক্যাফোল্ডিংয়েও বাঁশ ব্যবহার করা হয়। একদিকে নমনীয়, অন্যদিকে অটল শক্তি—বাঁশের এই বৈশিষ্ট্য সত্যিই বিস্ময়কর।

১১. মাটি ধরে রাখার ওস্তাদ
পাহাড়ি ঢাল বা নদীর পাড় যেখানে মাটি ভাঙার ভয় বেশি, সেখানে বাঁশ প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে। এর শেকড় মাটিকে শক্ত করে আঁকড়ে ধরে রাখে। তাই পার্বত্য চট্টগ্রামে গ্রামীণ মানুষেরা বাঁশ লাগায় শুধু ঘর বানানোর জন্য নয়, মাটি রক্ষার জন্যও।
১২. ভূমিকম্পে নিরাপদ আশ্রয়
জাপান, ইন্দোনেশিয়া কিংবা নেপালের মতো দেশে ভূমিকম্প হলে মানুষ প্রায়ই বাঁশবনে আশ্রয় নেয়। কারণ বাঁশের শেকড় জমিকে শক্ত করে ধরে রাখে আর এর নমনীয় কাণ্ড দুলে গিয়ে ভেঙে পড়ে না। ফলে বাঁশবন ভূমিকম্পের সময় তুলনামূলক নিরাপদ জায়গা হয়ে ওঠে।

১৩. প্রাকৃতিক ওষুধি গুণ
বাঁশ শুধু ব্যবহারযোগ্য কাঠ নয়, ওষুধি শক্তিও রাখে। এর কাণ্ড ও পাতা অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল। তাই বাঁশ থেকে তৈরি কাপড় বা বিছানার চাদর সহজে দুর্গন্ধ ধরে না। এমনকি বাঁশের চারকোল বাতাস থেকে টক্সিন শোষণ করে ঘরকে রাখে নির্মল।

১৪. বাঁশপাতার চা
চা মানেই দার্জিলিং টি বা সবুজ চা ভেবে ভুল করবেন না। এশিয়ার অনেক দেশে বাঁশপাতা দিয়েই তৈরি হয় এক বিশেষ পানীয়। স্বাদে সবুজ চায়ের মতো, আবার পুষ্টিগুণও বেশ মিল আছে। অনেকেই বিশ্বাস করেন, নিয়মিত বাঁশপাতার চা খেলে শরীর ঠান্ডা থাকে আর হজম ভালো হয়।
১৫. এডিসনের লাইটবাল্বে বাঁশ
বিশ্ববিখ্যাত আবিষ্কারক টমাস এডিসন তাঁর প্রথম সফল বৈদ্যুতিক বাল্বে ফিলামেন্ট বানাতে ব্যবহার করেছিলেন কার্বনাইজড বাঁশ। ভাবা যায়? আমাদের চোখে সাধারণ এক উদ্ভিদই আলো জ্বালানোর ইতিহাসে রেখেছে অমলিন ছাপ।

১৬. নিজেই সার দেয়
বাঁশ যেন প্রকৃতির স্বয়ংসম্পূর্ণ শিল্প। এর শুকনো পাতা এতটাই পুষ্টিগুণে ভরা যে তা মাটির জন্য প্রাকৃতিক সার হয়ে যায়। বাঁশমাল্চ মাটিকে আর্দ্র রাখে, কম্পোস্টে মেশালে জমিকে আরও উর্বর করে তোলে।
১৭. সর্বত্র অভিযোজক
মেরু অঞ্চলের তীব্র শীত হোক বা মরুভূমির উত্তপ্ত তাপ, বাঁশ প্রায় সব জায়গায়ই জন্মাতে পারে। শুধু ইউরোপ আর অ্যান্টার্কটিকা বাদে পৃথিবীর সব মহাদেশেই রয়েছে স্থানীয় প্রজাতি। এ কারণেই বাঁশকে বলা হয় প্রকৃতির ‘অলরাউন্ডার।

১৮. রঙিন বৈচিত্র্য
বাঁশকে আমরা সবুজ বলেই জানি। কিন্তু প্রকৃতি আসলে আরও রঙিন। কিছু বাঁশ কালো, কিছু সোনালি, আবার লাল, বেগুনি, নীল এমনকি ডোরাকাটা রঙেও পাওয়া যায়। বাঁশের এ বৈচিত্র্য তার সৌন্দর্যকে আরও বর্ণিল করে তোলে।
১৯. বাঁশের পটকার শব্দ
বাঁশ আগুনে পুড়তে শুরু করলে ফাঁপা অংশে চাপ তৈরি হয় আর তখন শোনা যায় ‘পট’ শব্দ। প্রাচীন চীনারা প্রথম আতশবাজি বানিয়েছিল বাঁশ ব্যবহার করেই। তাই বাঁশকেই বলা যায় আতশবাজির আদি রূপ।
২০. বাঁশের সেতু ও আকাশচুম্বী স্থাপনা
চীন, জাপান থেকে শুরু করে ভিয়েতনাম পর্যন্ত শতাব্দীর পর শতাব্দী ধরে বাঁশ ব্যবহার হচ্ছে সেতু, ঘর, এমনকি বহুতল ভবনের কাঠামো বানাতে। আজও হংকং-এর মতো শহরে আকাশচুম্বী ভবনের স্ক্যাফোল্ডিং (কাঠামো মাচা) বাঁশ দিয়েই তৈরি হয়। স্টিলের চেয়েও হালকা, কিন্তু আশ্চর্যজনকভাবে টেকসই—তাই বড় শহরের নির্মাণকাজে বাঁশ এখনো অদ্বিতীয়।
আরও পড়ুন: সবুজ টিলা ও চা বাগানের রাজ্যে মায়াবী সড়ক
খাবার থেকে আশ্রয়, ওষুধ থেকে উৎসব—বাঁশ মানুষের জীবনের সঙ্গে মিশে আছে হাজার বছরের ইতিহাস জুড়ে। আজ বিশ্ব বাঁশ দিবসে আমরা মনে করিয়ে দিই, বাঁশ শুধু প্রকৃতির সাজসজ্জা নয়, বরং টিকে থাকার এক অবলম্বন।
সূত্র
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, বিবিসি, সায়েন্স ফোকাস ম্যাগাজিন, ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন, রিসার্চগেট, ব্যাম্বু ডাউন আন্ডার
