স্টাফ রিপোর্টার:
ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবা পাইয়ে দেওয়ার নামে প্রতারণার বিষয়ে জনসাধারণকে সতর্ক করেছে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশন।
এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একটি প্রতারকচক্র হাই কমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে এবং অর্থের বিনিময়ে ভিসা বা অন্যান্য কনস্যুলার সেবা দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে।

বিজ্ঞপ্তিতে ভারতীয় হাই কমিশন স্পষ্টভাবে জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা কখনোই ভিসা প্রদান বা অর্থ দাবি করার উদ্দেশ্যে ফোন, হোয়াটসঅ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা ইমেইলের মাধ্যমে আবেদনকারীদের সঙ্গে যোগাযোগ করেন না। সকল ভিসা আবেদন নির্ধারিত কার্যপদ্ধতি কঠোরভাবে অনুসরণ করে নিষ্পত্তি করা হয়।
হাই কমিশন জনসাধারণকে এ ধরনের প্রতারণার ফাঁদে না পড়ার আহ্বান জানিয়ে বলেছে, কেউ যদি এমন কোনো ফোনকল, বার্তা বা প্রস্তাব পান, তাহলে কোনো অবস্থাতেই অর্থ প্রদান বা ব্যক্তিগত ও আর্থিক তথ্য শেয়ার করা যাবে না।
একই সঙ্গে প্রতারণার চেষ্টা সংক্রান্ত ফোন নম্বর, স্ক্রিনশট বা অন্যান্য প্রাসঙ্গিক তথ্যসহ ঘটনাটি দ্রুত visa.dhaka@mea.gov.in ইমেইল ঠিকানায় ভারতীয় হাই কমিশন, ঢাকাকে জানানোর অনুরোধ জানানো হয়েছে।
ভারতীয় হাই কমিশন আরও বলেছে, সবাইকে সতর্ক থাকার পাশাপাশি এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে অন্যদেরও সচেতন করতে সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে।
