স্টাফ রিপোর্টার:
মহেশখালীর ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে গ্যাস সরবরাহ পুনরায় শুরু হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
তিনি বলেছেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি আগের মতো স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘আজ বিকেল থেকে গ্যাস সঞ্চালন আবার শুরু হবে, এরপর ধীরে ধীরে যেসব এলাকায় গ্যাসের চাপ কমে গিয়েছিল, সেখানে চাপ উন্নত হতে থাকবে এবং সামগ্রিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।’
গ্যাস পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কত দিন লাগতে পারে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ন্যূনতম দুই থেকে তিন দিন সময় লাগবে। টার্মিনাল বন্ধ হওয়ার আগে সরবরাহের যে অবস্থা ছিল, ঠিক তেমনটাই ফিরে আসবে বলে তিনি আশ্বস্ত করেন।
গ্যাস সংকটের কারণে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়ে লোডশেডিং বেড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেন মন্ত্রী। বলেন, গ্যাস না থাকলে সাধারণ মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোও বন্ধ হয়ে যায়। সরবরাহ স্বাভাবিক হয়ে গেলে বন্ধ থাকা কেন্দ্রগুলো পুনরায় চালু করা হবে বলে জানান তিনি।
বিদ্যুৎ ও গ্যাস খাত নিয়ে চলমান সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, এই পরিস্থিতি মানুষের নিয়ন্ত্রণের বাইরে ছিল এবং এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।
এর আগে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠক শেষে মন্ত্রী জানান, বিদ্যমান পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল আমদানির অনুরোধ জানানো হয়েছে।
সাংবাদিকদের কাছে এই বৈঠক প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি একটি নিয়মিত ও স্বাভাবিক বৈঠক, যেখানে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে।
