স্টাফ রিপোটার : ফরিদপুর-৩ (সদর) আসনে দলীয় মনোনয়ন পুনর্বিচনার দাবি জানিয়েছে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছার কর্মীরা।
রবিবার বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে এক জনসভার আয়োজন করে ইছার সমর্থকরা। এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সৈয়দ মোদাররেছ আলী ইছা।
সমাবেশের ব্যানারে লেখা ছিল “৩১দফা বাস্তবায়নে ধানের শীষের পক্ষে কর্মী সমাবেশ।” আয়োজন করা হয় ফরিদপুর-৩ (সদর) কর্মীবৃন্দের ব্যানারে।
সমাবেশে যে শ্লোগান দেওয়া হয় এবং যেসব ফেস্টুন প্রদর্শন করা হয় তাতে লেখা ছিল, “যোগ্য নেতা ইছা ভাই এমপি হিসেবে তাকে চাই”, “ রাজপথের ইছা ভাই আমরা তোমাকে ভুলিনাই”, “দুর্দিনে পাশে ছিলেন ভাই এমপি হোক ইছা ভাই।”
সমাবেশে ফরিদপুর সদরের ১২টি ইউপি ও ২৭টি পৌরসভার বিভিন্ন পযায়ের নেতারা বক্তব্য দেন।
সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর মহা নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কাদের। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক শহীদ পারভেজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খায়রুল আনাম, জেলা যুবদলের সভাপতি রাজীব হাসান প্রমুখ।
বক্তারা বলেন, ইছা ভাই গত ৪৭ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমাদের বিপদে আপদে সব সময় তাকে কাছে পেয়েছি। আমরা ইছা ভাইকে ফরিদপুর-৩ আসনের এমপি হিসেবে দেখতে চাই। এরজন্য দলীয় মনোনয়ন পুনবির্বেচনা করতে হবে। ইছা ভাইকে মনোনয়ন দিয়ে ধানের শীষ বাঁচান। ইছাকে দলীয় মনোনয়ন না দিলে ফরিদপুর-৩ আসনের জনগণ এ নির্বাচন মেনে নেবে না।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোদাররেছ আলী ইছা বলেন, “যে দাবি এখানে তোলা হয়েছে, আমাকে ফরিদপুর-৩ আসনের প্রার্থী হিসেবে আপনারা দেখতে চান এবং যে দাবির জন্য যে প্রত্যয় ব্যক্ত করেছেন এর জন্য আপনাদের অভিনন্দন জানাই। যে উদ্যম আপনারা প্রকাশ করেছেন, আমি যে আপনাদের মনোনীত ও আকাংখিত প্রার্থী এরজন্য আপনাদের ধন্যবাদ জানাই।
জেলা বিএনপির আহ্বায়ক আরও বলেন, আমি খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আপনাদের পাশে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি। আপনাদের এ প্রত্যাশার দাবি সাংবাদিকদের মাধ্যমে অবশ্যই বিএনপির হাইকমান্ডের কাছে পৌঁছেবে। হাইকমান্ড দলীয় মনোনযনের ক্ষেত্রে চূড়ান্ত যে সিদ্ধান্ত নেবে তা আমি মাথা পেতে নেব।
প্রসঙ্গত ফরিদপুর-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হযেছে এ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে নায়াব ইউসুফকে। গত ৩ নভেম্বর দলীয় এ মনোনয়ন ঘোষণা দেওয়া হয়। ওই মনোনয়ন ঘোষণার ১৩দিন পর আজ ফরিদপুর-৩ (সদর) কর্মীবৃন্দের ব্যানারে দলীয় মনোনয়ন পুনর্বিচনা করে ইছাকে মনোনয়ন দেওয়ার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
