আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এবং জাতীয় নির্বাচনের বহু আগেই দেশে থেকে তারেক রহমান দলকে নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার রাজধানীর মতিঝিলে পূবালী ব্যাংকের কর্মচারী সংঘের জাতীয় সম্মেলনে তিনি এ তথ্য জানান।

জাহিদ হোসেন বলেন, “খুব বেশিদিন দূরে না, কয়েক সপ্তাহের মধ্যেই আমরা আমাদের প্রাণপ্রিয় নেতাকে আমাদের মাঝে ইনশাল্লাহ, এই গণতন্ত্র পুনরুদ্ধারে সর্বশেষ লগ্ন অর্থাৎ আগামী জাতীয় নির্বাচনের বহু আগেই ইনশাআল্লাহ উনি আমাদের মাঝে উপস্থিত থেকে স্বশরীরে নেতৃত্ব দেবেন।”
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “যারা আজকে গণতন্ত্রকে পিছিয়ে দেওয়ার জন্য জনগণের অধিকার হরণ করার জন্য দেশে এবং বিদেশে বসে ষড়যন্ত্র করছেন, তাদের সেই ষড়যন্ত্র তারেক রহমানের নেতৃত্বে এদেশের মানুষ প্রতিরোধ করবে। ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ইনশাআল্লাহ জুলাই অংশগ্রহণকারী সব পক্ষকে নিয়ে একটি জাতীয় নির্বাচন হবে। সেটির নেতৃত্ব দেবেন তারেক রহমান।”
এ সময় ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র কাজে দেবে না, ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”
আওয়ামী লীগ আবারও সুযোগ খুঁজছে মন্তব্য করে জাহিদ হোসেন বলেন, “পেছনের দরজা দিয়ে এসে জনগণের অধিকার হরণ করা যায়।”
তাই সবাইকে ‘চলমান ষড়যন্ত্র’ রুখতে চোখ কান খোলা রাখার আহ্বান জানান বিএনপির এই নেতা।
এর আগে গত ১০ আগস্ট নিজের দেশে ফেরা নিয়ে রাজশাহী বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলেই তিনি দেশে ফিরবেন।
সেদিন নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিলেন, “ইনশাআল্লাহ অতি শিগগির আপনাদের সঙ্গে সামনাসামনি দেখা হবে।”
