স্টাফ রিপোর্টার:
ফরিদপুর শহরে চিকিৎসা সেবায় নানাবিধ অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে দুটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিককে মোট ১ লাখ ৫০ হাজার (দেড় লাখ) টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজিন ইকো ও জান্নাতুল সুলতানা।
আদালত সূত্রে জানা যায়, নিয়মিত তদারকির অংশ হিসেবে দুপুরের দিকে শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স নবায়ন না থাকা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, অপারেশন থিয়েটারে (ওটি) পর্যাপ্ত জীবনরক্ষাকারী সরঞ্জামের অভাব এবং সার্বক্ষণিক নিবন্ধিত চিকিৎসক ও মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট, প্যাথলজিস্ট এবং টেকনিশিয়ান না থাকার অপরাধে শহরে পশ্চিম খাবাসপুর অবস্থিত
নিউ লাইফ জেনারেল হাসপাতালকে এক লক্ষ টাকা ও আলিফ ডিজিটাল ল্যাব প্রাইভেট ক্লিনিক কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজিন ইকো জানান, “মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। লাইসেন্সবিহীন এবং সেবার নামে প্রতারণা করা ক্লিনিকগুলোর বিরুদ্ধে আমাদের এই অভিযান ও মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।”
অভিযানকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্যানিটারি ইন্সপেক্টর মোঃ বজলুর রশিদ এবং-আনসার ব্যাটালিয়ন বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
