স্টাফ রিপোর্টার:
কৃষি খাতের প্রসার, আধুনিকায়ন এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ফরিদপুরে কৃষক ও কৃষি কর্মকর্তাদের অংশগ্রহণে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ এর আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ফরিদপুর সদর উপজেলা হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় রূপান্তরমুখী কৃষি ব্যবস্থা গড়ে তোলা, খাদ্য উৎপাদনে বৈচিত্র্য আনা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, কৃষি উদ্যোক্তা সৃষ্টি ও উন্নয়ন এবং জলবায়ু সহিষ্ণু জাত উদ্ভাবনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. খয়ের উদ্দিন মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কৃষি অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (উপকরণ) মো. রওশন আলম। এছাড়া বক্তব্য দেন পার্টনার প্রোগ্রামের অতিরিক্ত পরিচালক গৌর গোবিন্দ দাস, ফরিদপুর ধান গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বক্তারা বলেন, দেশের কৃষিকে যুগোপযোগী ও টেকসই করতে ২০২৩ সাল থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে পার্টনার প্রোগ্রামের কার্যক্রম শুরু হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে উন্নত জাত উদ্ভাবন, আধুনিক সেচ প্রযুক্তির সম্প্রসারণ, কৃষক স্মার্ট কার্ড ও ডিজিটাল কৃষি সেবা চালু, নারী ও তরুণ কৃষি উদ্যোক্তা তৈরি এবং তথ্যভিত্তিক কৃষি ব্যবস্থাপনা জোরদারের কাজ চলছে।
কর্মশালায় বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার বিভিন্ন পর্যায়ের কৃষি কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা এবং পার্টনার প্রোগ্রামের অন্তর্ভুক্ত কৃষকরা অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টিসমৃদ্ধ খাদ্য নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
