সাইদা আক্তার:
ফরিদপুরে নারীদের বিরুদ্ধে সাইবার বুলিং তথা অনলাইন হয়রানি প্রতিরোধে একযোগে কাজ করার প্রত্যয় জানিয়েছেন নারী নেতৃত্বের সংগঠন ‘নন্দিতা সুরক্ষা’, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা পুলিশ বিভাগের কর্মকর্তারা।
উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা নারী অবমাননাকর ফেসবুক গ্রুপগুলো শনাক্ত করে দ্রুত বন্ধ এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বুধবার দুপুরে ফরিদপুর শহরের একটি রেস্তোরাঁর মিলনায়তনে নারীদের বিরুদ্ধে অনলাইন হয়রানি ও সাইবার সহিংসতা প্রতিরোধে জেলা পর্যায়ে এক অ্যাডভোকেসি সভায় এই প্রত্যয় ও দাবি জানানো হয়।
‘ডিস্ট্রিক্ট-লেভেল অ্যাডভোকেসি মিটিং অন এন্ডিং অনলাইন হ্যারাসমেন্ট অ্যাগেইনস্ট উইমেন ইন ফরিদপুর’ শীর্ষক এই সভার আয়োজন করে নন্দিতা সুরক্ষা।
সভাটি এশিয়া ফাউন্ডেশন ও এফসিডিওর সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, জেলা লিগ্যাল এইড অফিসের প্রতিনিধি, নারী উদ্যোক্তা, তরুণ-তরুণী প্রতিনিধি, এনজিও কর্মী, গণমাধ্যমকর্মী এবং নারী নেতৃত্বাধীন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য ও ধারণাপত্র উপস্থাপন করেন নন্দিতা সুরক্ষার নির্বাহী পরিচালক তাহিয়াতুল জান্নাত রেমি।
তিনি বলেন, “ফরিদপুর জেলায় কিছু ফেসবুক গ্রুপে নারীদের উদ্দেশ্য করে নিয়মিত কুরুচিপূর্ণ মন্তব্য, অপপ্রচার ও মানহানিকর পোস্ট প্রকাশ করা হচ্ছে, যা নারীদের মানসিক স্বাস্থ্য ও সামাজিক মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করছে। এসব সাইবার সহিংসতা প্রতিরোধে প্রশাসনের দ্রুত কার্যকর উদ্যোগ প্রয়োজন।”
অংশগ্রহণকারীরা বলেন, অনলাইন হয়রানি নারীদের জন্য একটি বড় সামাজিক ও মানসিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের অপরাধ বন্ধে আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসন ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ জরুরি। সভায় নারীদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাসউদা হোসেন বলেন, “ফরিদপুর জেলাকে সাইবার সহিংসতামুক্ত করতে নাগরিকদের এ ধরনের পদক্ষেপ খুবই গুরুত্ব বহন করে।”
সভায় প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম বলেন, “সাইবার অপরাধের বিরুদ্ধে পুলিশ প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। নারীদের বিরুদ্ধে অনলাইন হয়রানির অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
সংশ্লিষ্ট সবাই জেলা পর্যায়ে সাইবার সহিংসতা প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদার করার আগ্রহ ব্যক্ত করেন। পুলিশের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়।
