স্টাফ রিপোর্টার:
আমি বার বার আসবো, আপনাদের যে কোনো প্রয়োজনে আমাকে পাশে পাবেন মন্তব্য করে ফরিদপুর- ০৩ আসনের বিএনপির সংসদ সদস্য চৌধূরী নায়াব ইউসুফ বলেছেন, সড়ক ও সেতুসহ এলাকার উন্নয়নের মাধ্যমে মানুষের জীবন মানের পরিবর্তন আনতে কাজ করবো। কিন্তু এেেতা কিছু করার পরেও পাঁচ বছর পরে আপনারা কেউ যদি পাঁচশ বা হাজার টাকায় যারা ভোট বিক্রি করেন, তা হবে দু:খজনক। বিগত দিনে যারা এটা করেছেন, তাদেরকে বুঝাবেন তারা কতোটা ভুল করেছে।
মঙ্গলবার বিকালে ফরিদপুর পৌরসভার রঘুনন্দনপুর এবং ব্রাক্ষ্মণকান্দায় মানুষের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী এবং বস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।
রঘুনন্দনপুরে ০৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ বিল্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দানকালে চৌধুরী নায়াব ইউসুফ আরো বলেন, সুদিন আসছে, মানুষের উন্নয়নে কাজ করতে চাই। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড মানুষের দিন ঘুরিয়ে দিবে প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বের বাংলাদেশ সকল দৈন্যতা ঘুচিয়ে বিশে^র বুকে মাথা তুলে দাড়াবে ইনশাআল্লাহ।
এসময় তিনি আরো বলেন, খাল খনন কর্মসূচীর সুফল এদেশের কৃষক সমাজ ভোগ করবে। কৃষি ও কৃষকের উন্নয়নের মাধ্যমে দেশ আবার ফসলে সমারোহে সাঁজবে।
ব্রাক্ষণকান্দায় ফরিদা পারভীনের সভাপতিত্বে কোতয়ালী থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধূরী রঞ্জন, কোতয়ালী যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, মহানগর কৃষক দলের সিনিয়র সহ সভাপতি আবু বকর সিদ্দিকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে সাংসদ চৌধূরী নায়াব ইউসুফের আহবানে বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা ঈদ সামগ্রী ও নতুন বস্ত্র তুলে দিয়ে মানুষের ঈদের আয়োজনকে আরো বেশী আনন্দময় করে তুলছেন।
