স্টাফ রিপোর্টার:
ফরিদপুরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে “সমন্বিত ও অংশীদারিত্ব মূলক প্রকল্প” এর আওতায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে শহরতলীর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান, ইউএনও মেশকাতুল জান্নাত রাবেয়া, অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আখতারুজ্জামান, ,জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ খুরশিদ আলম শিকদার প্রমুখ।
এ সময় বক্তরা বলেন, “শব্দদূষণ এখন নীরব ঘাতকে পরিণত হয়েছে। অতিরিক্ত হর্ন, যানবাহনের শব্দ ও অনিয়ন্ত্রিত মাইক ব্যবহারের কারণে মানুষের শ্রবণশক্তি, মানসিক স্বাস্থ্য ও স্বাভাবিক জীবনযাত্রা হুমকির মুখে পড়ছে। আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসের মূল লক্ষ্য হচ্ছে সবাইকে সচেতন করা এবং শব্দদূষণ রোধে কার্যকর উদ্যোগ নেওয়া।”
সভা শেষে ফরিদপুর জেলার সদর উপজেলার ফরিদপুর-মাগুরা মহাসড়কের বদরপুর-সালথা রাস্তার মোড়ে শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালতে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ০৭ টি পরিবহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলায় ৪,৫০০ টাকা অর্থদণ্ড ধার্যপূর্বক আদায় করা হয় এবং ৭টি গাড়ি হতে মোট ১১ (এগারো) টি নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে বিচারিক দায়িত্ব পালন করেন ফরিদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুঝাত তাবাসসুম, দীপ্ত চক্রবর্ত্তী, দেব কুমার পাল ও এস. এম. মাহবুব বিন বাছেদ।
উক্ত ভ্রাম্যমান আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরে পরিদর্শক মোঃ জিহাদ হোসেন।
