স্টাফ রিপোর্টার:
ফরিদপুর জেলা সদরে ঈদের জামাতের সময় নির্ধারণকে কেন্দ্র করে সংঘটিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার জেরে কোতোয়ালি থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সোহেল মুন্সিকে সংগঠন থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২৩ মার্চ) সকালে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক শেখ এনামুল করিম (রেজা) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের গঠনতন্ত্র, নীতিমালা ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সোহেল মুন্সির বিরুদ্ধে তদন্ত করা হয়।
তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন (অনু) ও সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসের যৌথ সিদ্ধান্তে তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত বহিষ্কারের দিন থেকেই কার্যকর বলে জানানো হয়।
জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন বলেন, ছাত্রদল একটি আদর্শভিত্তিক সংগঠন। এখানে ব্যক্তি নয়, সংগঠন বড়। কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, এর আগে শনিবার ঈদের জামাতের সময় নির্ধারণ ও মসজিদের ইমামের বেতন বৃদ্ধি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কাশিমাবাদ মধ্যপাড়া এলাকায় সহিংস হামলার ঘটনা ঘটে। হামলায় ক্ষতিগ্রস্তরা জানান, হামলায় স্বর্ণালংকার, নগদ অর্থসহ বিপুল পরিমাণ মালামাল লুট করা হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন। এ ঘটনার সঙ্গে সোহেল মুন্সির সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি জেলা ছাত্রদলের নজরে আসে এবং পরবর্তীতে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
সোমবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন জানান, এ ঘটনায় সোহেল মুন্সিসহ একাধিক ব্যক্তির নামে থানায় মামলা হয়েছে। আসামীদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ তৎপর রয়েছে।
