স্টাফ রিপোর্টার:
ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক বন্ধন জাতীয় সীমানার চেয়েও প্রাচীন ও গভীর বলে মন্তব্য করেছেন বাংলাদেশের নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।
পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উপলক্ষে ভারতীয় হাই কমিশন ১৭ ও ১৮ এপ্রিল ঢাকার আইজিসিসি (IGCC) প্রাঙ্গণে “বাঁধন আছে প্রাণে প্রাণে: অফ হারমনি উইদিন” শীর্ষক একটি দুইদিনব্যাপী সংগীত সন্ধ্যার আয়োজন করে।
এই অনুষ্ঠানে বাংলাদেশের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী অদিতি মহসিন এবং ভারতের প্রখ্যাত শিল্পী শ্রীকান্ত আচার্য অংশগ্রহণ করেন, যারা দুই দেশের সংগীত, উৎসব ও সংস্কৃতির অভিন্ন ঐতিহ্যকে তাদের সুরের মাধ্যমে তুলে ধরেন।
ঐতিহ্য ও সৃজনশীলতাকে এগিয়ে নিয়ে চলার লক্ষ্যে এই আয়োজনটি এইচএসবিসি (HSBC) বাংলাদেশের সাথে একটি পাবলিক- প্রাইভেট অংশীদারিত্বের মাধ্যমে আয়োজন করা হয়।
হাই কমিশনার প্রণয় ভার্মা তার বক্তব্যে উল্লেখ করেন যে, ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক বন্ধন তাদের জাতীয় সীমানার চেয়েও প্রাচীন ও গভীর। তিনি একই মঞ্চে দুই দেশের প্রথিতযশা শিল্পীদের উপস্থিতি সম্পর্কে বলেন যে, এটি দুই দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধন, পারস্পরিক আস্থা, শ্রদ্ধা এবং বোঝাপড়ার একটি শক্তিশালী প্রতীক।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাগণ এবং ব্যবসা, গণমাধ্যম, শিক্ষা ও সাংস্কৃতিক জগতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
