স্টাফ রিপোর্টার :
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন চেয়ে বর্তমান সরকার ভারতকে কোনো নতুন আনুষ্ঠানিক চিঠি পাঠায়নি, যদিও কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বিষয়টি উত্থাপন করা হয়েছে।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘‘অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ আগে ভারতকে চিঠি দিয়েছিল, যেখানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হাসিনার প্রত্যাবর্তন চাওয়া হয়েছিল। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিষয়টি ভারতীয় হাইকমিশনার এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে কেবল মৌখিকভাবে আলোচনা করা হয়েছে, কোনো নতুন আনুষ্ঠানিক যোগাযোগ হয়নি।’’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “আমরা এক মাস ধরে দায়িত্বে আছি। এই সময়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক হয়েছে। আমি তার সঙ্গে সাক্ষাৎ করেছি, পররাষ্ট্রমন্ত্রীও আলোচনা করেছেন। সেই বৈঠকগুলোতে বিষয়টি উত্থাপন করা হয়েছে।”
কেন এখনও কোনো আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়নি—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন,‘‘প্রক্রিয়াটি চলমান রয়েছে। আমরা আমাদের অবস্থান জানিয়েছি। এটি একটি চলমান প্রক্রিয়ার মধ্যেই রয়েছে।’’
২০২৪ সালের ২৩ ডিসেম্বর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভারতকে চিঠি দিয়ে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনার প্রত্যাবর্তন চেয়েছিল।
২০২৪ এর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন থেকে তিনি দেশটিতে রয়েছেন।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ১৭ নভেম্বর শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।– দেশকাল নিউজ
