স্টাফ রিপোর্টার:
ফরিদপুর পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের গোয়ালচামট এলাকায় দীর্ঘদিন ধরে চলমান জলাবদ্ধতায় সৃষ্ট জনদুর্ভোগ সরেজমিনে পরিদর্শন করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে তিনি জলাবদ্ধ এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় তাদের ভোগান্তির বিভিন্ন দিক সম্পর্কে খোঁজ নেন।

এ সময় সংসদ সদস্য বলেন, বছরের পর বছর ধরে জলাবদ্ধতার কারণে এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক। এ সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন এবং সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রদান করেন।
এলাকাবাসী জানান, সামান্য বৃষ্টিতেই সড়ক ও বসতবাড়িতে পানি জমে যায়। এতে চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্য ও পরিবেশগত সমস্যাও সৃষ্টি হচ্ছে। দীর্ঘদিনের এই সমস্যার দ্রুত সমাধানে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার প্রশাসক ইলিয়াছুর রহমান,
ফরিদপুর মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, শহর বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলাম,স্থানীয় নেতৃবৃন্দসহ স্থানীয় এলাকাবাসী।
