স্টাফ রিপোর্টার:
বিদেশে অবস্থান করে আত্মগোপনে থেকে সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর বিরুদ্ধে এক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তারসহ নাশকতা সৃষ্টি চেষ্টার অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে ফরিদপুর-৪ আসনের ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ এ এম মুজাহিদ বেগের পক্ষে এই প্রভাব বিস্তারের অভিযোগ করেন বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল। এছাড়া এই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কালো টাকা ছড়ানো ও সমর্থকদের ভয়ভীতি, মিথ্যাচারের অভিযোগ করেছেন তিনি।
শুক্রবার দুপুরে সদরপুর উপজেলার নিজ বাসায় সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করে বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম বাবুল। তিনি কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে রয়েছেন এবং পাশ্ববর্তী নগরকান্দা উপজেলার বাসিন্দা। গত একবছর যাবৎ সদরপুরে অবস্থান করে রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে আসছেন। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে তাঁর প্রতিদ্বন্ধী প্রার্থী হিসেবে জামায়াতের প্রার্থীসহ ৭ জন রয়েছে। তাঁদের মধ্যে আলোচনায় রয়েছেন স্বতন্ত্র প্রার্থী এএএম মুজাহিদ বেগ।
সংবাদ সম্মেলনে বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুল অভিযোগ করে বলেন- এই আসনে নির্বাচনটা করছেন আওয়ামীলীগের মূল প্রতিনিধি নিক্সন চৌধুরী এবং তাঁর ছায়া হিসেবে রয়েছেন মুজাহিদ বেগ। তিনি দিনরাত ফোনে ও ভিডিও বার্তায় আমার সমর্থকদের হুমকি দিচ্ছেন। এছাড়া নিয়মিত ভিডিও কনফারেন্সে গ্রুপ মিটিংও করছেন। নিক্সন চৌধুরী নির্বাচনকে ম্যানুকুলেট করার জন্য বিশেষ পরিস্থিতিও তৈরি করছে। এতদিন ঠান্ডা পরিবেশ ছিল। যখন ভিডিও বার্তায় পাঠাচ্ছে তখন থেকে নির্বাচনী পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে।
নিক্সন চৌধুরীর সহযোগীতায় প্রচারণা ও কালো টাকার ব্যবহারেরও অভিযোগ করেন। বিএনপির এই প্রার্থী বলেন-“আমাদের কাছে তথ্য রয়েছে, মুজাহিদ বেগ এবং তার সমর্থকরা প্রকাশ্যে নিক্সন চৌধুরীর সহযোগীতায় লুটের কালো টাকা দিয়ে রাতের অন্ধকারে গাড়ি বহর নিয়ে এলাকায় ঘোরাফেরা করছেন। নিক্সন চৌধুরীর সহযোগী নজরুল, বাসার ও লিয়ন সহ কয়েকজনের সহযোগিতায় এই অপকর্ম গুলো করছে।
সংবাদ সম্মেলনে স্বতন্ত্র এই প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা হামলার অভিযোগ, প্রোপাগান্ডা এবং স্বতন্ত্র প্রার্থীর ভাই মহসিন বেগের বিরুদ্ধে তাঁর সমর্থকদের হুমকি-ধমকি দেয়ার অভিযোগ করেন। এছাড়া মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে টাকা দিয়ে ভোট চাওয়া হচ্ছে বলে অভিযোগ করেন।
এসব বিষয়ে জানতে স্বতন্ত্র প্রার্থী এ এ এম মুজাহিদ বেগের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিলেও সাড়া পাওয়া যায়নি।
