স্টাফ রিপোর্টার: নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে কর্মকর্তারা ক্ষমতার সঠিক ব্যবহার না করলে শাস্তির মুখোমুখি হবেন বলে হুঁশিয়ার করেছেন নতুন জনপ্রশাসন সচিব মো. এহছানুল হক।
তিনি বলেছেন, “প্রিজাইডিং অফিসার ক্ষমতাবান থাকবেন, উনি যদি ক্ষমতার ব্যবহার না করেন, তাহলে তার বিচার হবে। তাদের ভয়ের কিছু নাই, গোলমাল করলে নির্বাচন বন্ধ করে দেবে। এটা প্রধান নির্বাচন কমিশনারের কথা, আমারও কথা।”
এহছানুল হক বলেন, তিনি ‘দলীয় নির্দেশনার ঊর্ধ্বে উঠে’ দায়িত্ব পালন করবেন। নির্বাচনের আগে মাঠ প্রশাসনের ডিসি ইউএনও পদে কোনো পরিবর্তন আসবে কিনা জানতে চাইলে এহছানুল হক বলেন, “এটা নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব। মাননীয় প্রধান উপদেষ্টা দেশের বাইরে গেছেন। এছাড়া প্রশাসনিক একটা কমিটি আছে। সবার সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেব।
“আমরা ৮২ ব্যাচের অফিসাররা নিরপেক্ষ নির্বাচন করেছি। আশা করি আমার অফিসাররাও নিরপেক্ষ নির্বাচন করবে। যদি কেউ নিরপেক্ষ নির্বাচন না করে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব, তাৎক্ষণিক ব্যবস্থা নেব। কোনো অফিসারের যদি দলীয় সম্পৃক্ততা পাওয়া যায়, উনাকে নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রাখব।”
